ঢাকা অফিস।।
দুর্নীতির মামলায় তিন বছরের কারাদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা আমান উল্লাহ আমানের স্ত্রী সাবেরা আমানকে জামিন দিয়েছে চেম্বার জজ আদালত। একইসাথে তার লিভ টু আপিল গ্রহণ করে আগামী ১৫ জানুয়ারি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির দিন ঠিক করা হয়েছে।
চেম্বার জজ বিচারপতি এম. ইনায়েতুর রহিম মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) এই আদেশ দেন। সাবেরা আমানের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল। আর দুদকের পক্ষে ছিলেন এডভোকেট খুরশীদ আলম খান। এর আগে, ৩ সেপ্টেম্বর ঢাকার এক নম্বর বিশেষ জজ আদালতে সাবেরা আমান আত্মসমর্পন করলে শুনানি শেষে তাকে কারাগারে পাঠানো হয়।
সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জনের দায়ে ২০০৭ সালে রাজধানীর কাফরুল থানায় মামলা করে দুদক। মামলায় আমান উল্লাহ আমানকে ১৩ বছর এবং সাবেরা আমানকে তিন বছরের কারাদণ্ড দেয় বিচারিক আদালত, হাইকোর্ট ওই রায় বহাল রেখে তাকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিল।











































