Home খেলাধুলা রোমাঞ্চকর ম্যাচে ম্যানইউকে হারাল আর্সেনাল, লিভারপুলের বড় জয়

রোমাঞ্চকর ম্যাচে ম্যানইউকে হারাল আর্সেনাল, লিভারপুলের বড় জয়

48

স্পোর্টস ডেস্ক||

ইংলিশ প্রিমিয়ার লিগে রোমাঞ্চকর ম্যাচে যোগ করা সময়ের দুই গোলে ম্যানচেস্টার ইউনাইটেডকে ৩-১ ব্যবধানে হারিয়েছে আর্সেনাল। অন্য ম্যাচে অ্যাস্টন ভিলাকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে লিভারপুল।

রোববার রাতে ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে যোগ করা সময়ে আর্সেনালের জার্সিতে প্রথম গোলটি পেয়েছেন ইংলিশ মিডফিল্ডার ডেকলান রাইস। এরপর ম্যাচের ঘড়ির কাঁটা ১০০ মিনিট পেরোনোর পর গোল পেয়েছেন গ্যাব্রিয়েল জেসুসও। আর তাতেই ঘুরে দাঁড়িয়ে নাটকীয় ম্যাচে জয় তুলে নেয় মিকেল আর্তেতার শিষ্যরা।

 

ম্যাচের ২৭তম মিনিটে অবশ্য প্রথম গোলটি করেছিল ইউনাইটেডই। মার্কাস রাশফোর্ড করেছিলেন সেই গোল। সমতায় ফিরতে অবশ্য মোটেও সময় নেয়নি গানাররা। খেলা আবার শুরু হতেই গোল করে বসেন আর্সেনাল অধিনায়ক মার্টিন ওডেগার্ড।

অন্যদিকে লিভারপুলের হয়ে সোবোসলাই প্রথম গোল করেন ম্যাচে মাত্র তৃতীয় মিনিটে। এরপর ২২ মিনিটে ভিলার ম্যাটি ক্যাশের আত্মঘাতী গোলের পর দ্বিতীয়ার্ধে গোল পেয়েছেন মোহাম্মদ সালাহও। ভিলার বিপক্ষে ৩–০ গোলের জয়ে নতুন মৌসুমে অপরাজিত যাত্রাও ধরে রাখল লিভারপুল।

প্রথম চার ম্যাচ শেষে ১০ পয়েন্ট পেয়ে আর্সেনাল আছে পয়েন্ট তালিকার পাঁচে। সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ইউনাইটেড আছে ১১ নম্বরে। ৪ ম্যাচে ৩ জয় ও ১ ড্রয়ে মোট ১০ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে উঠে এল ক্লপের দল। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি।