Home খেলাধুলা ভারতের বিশ্বকাপ দলে যারা সুযোগ পেলেন

ভারতের বিশ্বকাপ দলে যারা সুযোগ পেলেন

16

স্পোর্টস ডেস্ক।।

ঘরের মাঠে আগামী অক্টোবর থেকে শুরু হওয়া বিশ্বকাপের দল ঠিক করে ফেলল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। গতকাল শনিবার রাতে ১৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে তারা। যদিও এটিইকেই চূড়ান্ত দল বলছে ভারতীয় গণমাধ্যম, আজ আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করা হতে পারে। তবে আগামী ২৮ সেপ্টেম্বর চূড়ান্ত দল ঘোষণা করার শেষ সময়।

ভারতীয় ঘোষিত এই দলে জায়গা হয়নি সাঞ্জু স্যামসনের। এছাড়া তিলক বর্মা এবং প্রসিদ্ধ কৃষ্ণ আলোচনায় থাকলেও সুযোগ পাননি তারা। এবারও কপাল পুড়েছে স্পিনার যুজভেন্দ্র চাহালের।

শনিবার রাতের দিকে ভারতীয় নির্বাচক কমিটির সদস্যেরা বৈঠকে বসেন। লোকেশ রাহুলের বিশ্বকাপ খেলার ব্যাপারে অনিশ্চয়তা দূর হওয়ায় সঞ্জুকে দলে রাখেননি নির্বাচকেরা। এশিয়া কাপের ম্যাচ দেখতে শ্রীলংকায় গিয়েছেন প্রধান নির্বাচক অজিত আগারকার। ভারত-পাকিস্তান ম্যাচ বাতিল হয়ে যাওয়ার পর অধিনায়ক রোহিত শর্মা এবং কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে তিনি এবং অন্য নির্বাচকেরা কথা বলেন।

বিশ্বকাপে ভারতকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। ফর্মে থাকা উইকেটরক্ষক-ব্য়াটার ঈশান কিশনকে বিশ্বকাপের দলে রাখা হচ্ছে। সাঞ্জুর লড়াই ছিল মূলত তার সঙ্গে। বাঁহাতি আগ্রাসী ব্যাটারকেই বেছে নিয়েছেন রোহিত, দ্রাবিড়েরা। ব্যাটার হিসাবে রোহিত ছাড়াও দলে রয়েছেন বিরাট কোহলি, শুভমান গিল, শ্রেয়াস আইয়ার, সূর্যকুমার যাদব।

চার জন অলরাউন্ডারকে রাখা হয়েছে দলে। তারা হলেন হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল এবং শার্দুল ঠাকুর। রয়েছেন তিন জন পেসার জসপ্রীত বুমরাহ, মোহাম্মদ শামি এবং মোহাম্মদ সিরাজ। স্পিনার হিসাবে রয়েছেন কুলদীপ যাদব।

বিশ্বকাপের আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ভারতীয় দল। তা ছাড়া বিশ্বকাপ শুরু হবে ৫ অক্টোবর। হাতে কিছুটা সময় থাকায় রাহুলের বিশ্বকাপ খেলতে সমস্যা হবে না বলেই মনে করা হচ্ছে। তাই তাকে উইকেটরক্ষক-ব্যাটার হিসাবে দলে রাখা হয়েছে।

ভারতের ১৫ সদস্যের দল: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শুভমান গিল, শ্রেয়াস আইয়ার, সূর্যকুমার যাদব, লোকেশ রাহুল, ঈশান কিশান, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, জসপ্রীত বুমরাহ, মোহাম্মদ শামি এবং মোহাম্মদ সিরাজ, কুলদীপ যাদব।