Home খেলাধুলা আফগানিস্তানের বিপক্ষে জয়খরা কাটাতে ব্যর্থ বাংলাদেশ

আফগানিস্তানের বিপক্ষে জয়খরা কাটাতে ব্যর্থ বাংলাদেশ

14

স্পোর্টস ডেস্ক।।

৫৪ মিনিটে আফগানিস্তানের গোলরক্ষককে একা পেয়েও বল বারের ওপর দিয়ে মারেন শেখ মোরসালিন। ৬২ মিনিটে ফাঁকায় বল পেয়েও আফগানিস্তানের জালে জড়াতে পারেননি রাকিব হোসেন। এমন সহজ গোল মিসের খেসারত দিতে হলো বাংলাদেশকে। গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় দু’দলকে।

আজ আফগানিস্তানের বিপক্ষে সুযোগ ছিল জয়খরা কাটানোর। সর্বশেষ জয় যে এসেছিল সেই ৪৪ বছর আগে, ১৯৭৯ সালে এশিয়ান কাপ বাছাইপর্বে। ওই ম্যাচে ৩-২ গোলে জিতেছিল বাংলাদেশ। এরপর ৮ ম্যাচ খেলে ৬টিতে ড্র ও ২টিতে হার দেখে বাংলাদেশ।

ক্রিকেটে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে এই আফগানিস্তানের বিপক্ষেই খেলছে বাংলাদেশ। এর মধ্যেই আজ রোববার বিকেলে বসুন্ধরার কিংস অ্যারেনায় ফুটবলে মুখোমুখি হয় দুই দেশ।

আফগানিস্তান ও বাংলাদেশের মধ্যকার এই প্রীতি ম্যাচে প্রাধান্য বিস্তার করে খেলেছে অবশ্য বাংলাদেশই। তবে সুযোগের সদ্ব্যবহার করতে পারেনি হ্যাভিয়ের ক্যাবরেরার দল। গোল করায় ব্যর্থতার গল্প আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল বাংলাদেশ জাতীয় ফুটবল দল।