Home খেলাধুলা মিরাজ-শরিফুলের আঘাতে ভয়ঙ্কর আফগান জুটির বিদায়

মিরাজ-শরিফুলের আঘাতে ভয়ঙ্কর আফগান জুটির বিদায়

14

স্পোর্টস ডেস্ক।।

৩৩৫ রানের বিশাল লক্ষ্য দিলেও বাংলাদেশকে চোখ রাঙানি দিচ্ছিল হাশমতউল্লাহ শাহিদি ও নাজিবুল্লাহ জাদরান জুটি। সুবিধা করতে পারছিলেন না হাসান মাহমুদ-সাকিব আল হাসানরা। অবশেষে নাজিবুল্লাহকে সরাসরি বোল্ড করে বাংলাদেশ শিবিরে প্রথম স্বস্তি এনে দেন মেহেদী হাসান মিরাজ। পরের ওভারেই হাশমতউল্লাহকে ফিরিয়ে বাংলাদেশের জয়ের সম্ভাবনা আরও উজ্জ্বল করেন শরিফুল ইসলাম।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৮ ওভার শেষে ৫ উইকেট হারানো আফগানদের রান ১৯৭। জয়ের জন্য এখনো ৭২ বলে দরকার ১৩৮ রান। উইকেটে আছেন মোহাম্মদ নবি ও গুলবাদিন নাইব।

এদিন ইনিংসের দ্বিতীয় ওভারেই আফগান শিবিরে আঘাত হানেন পেসার শরিফুল ইসলাম। ইনফর্ম আফগান ওপেনার রাহমানুল্লাহ গুরবাজকে (১) এলবিডাব্লিউয়ের ফাঁদে ফেলে বিদায় করেন তিনি। আর দলীয় ৭৯ রানের মাথায় ৩৩ রান করে সাজঘরের পথ ধরেন রহমত। ১৩১ রানের মাথায় ভয়ঙ্কর হয়ে ওঠা ইব্রাহিম জাদরানকে ফেরান হাসান মাহমুদ। এরপরই জুটি বাধেন নাজিবুল্লাহ ও হাশমতউল্লাহ। চতুর্থ উইকেটে গড়েন ৬২ রানের জুটি। ১৯৩ রানে নাজিবুল্লাহর বিদায়ের পর ১৯৬ রানে থামেন অধিনায়ক হাশমতউল্লাহ (৫১)।

পাকিস্তানের লাহোরের উইকেট ব্যাটিংবান্ধব, সেটি বিবেচনা করে এদিন টস জিতে ব্যাটিং নেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। অধিনায়কের সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ করেন বাংলাদেশের ব্যাটাররাও। দুর্দান্ত সেঞ্চুরি তুলে নিয়েছেন মেহেদী হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্ত। শেষদিকে ঝোড়ো ব্যাটিং করেছেন মুশফিকুর রহিম ও সাকিব। তাতে আফগানিস্তানের সামনে ৩৩৫ রানের বিশাল লক্ষ্য দাঁড় করায় টাইগাররা।

ওয়ানডেতে এটি বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ সংগ্রহ। এ বছরই আয়ারল্যান্ডের বিপক্ষে ৩৪৯ ও ৩৩৮ রান করেছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে এটি অবশ্য সর্বোচ্চ রান। এর আগে গত বছরের ফেব্রুয়ারিতে চট্টগ্রামে আফগানদের বিপক্ষে ৩০৬ রান করেছিল টাইগাররা।

এশিয়া কাপে এর আগে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে ৫ উইকেটে হেরে যায় বাংলাদেশ। ফলে এ ম্যাচে জয়ের বিকল্প নেই। জয় পেলে তাকিয়ে থাকতে হবে আফগানিস্তান ও শ্রীলংকার মধ্যে গ্রুপ ‘বি’র শেষ ম্যাচে। সেই ম্যাচে শ্রীলংকা জিতলে কোনো সমীকরণ ছাড়াই সুপার ফোর খেলবে বাংলাদেশ। তবে আফগানিস্তান জিতলে প্রত্যেক দলের একটি করে জয় হবে। সেক্ষেত্রে তাকিয়ে থাকতে হবে সুপার ওভারের দিকে।