স্পোর্টস ডেস্ক।।
ভারত-পাকিস্তানের মধ্যে দীর্ঘদিন ধরেই হয় না দ্বিপাক্ষিক সিরিজ। আইসিসি কিংবা এসিসির টুর্নামেন্টেই প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পায় দুই দল। আগামীকাল শনিবার আবারও আসছে সেই মাহেন্দ্রক্ষণ। এশিয়া কাপের গ্রুপ ‘এ’র ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। প্রথমবারের মতো শ্রীলংকার ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে লড়বে এই দুই দল। এরই মধ্যে বিক্রি হয়ে গেছে ম্যাচের সমস্ত টিকিট। খালি নেই ক্যান্ডি শহরের কোনো হোটেল রুম।
ভারত-পাকিস্তানের এই লড়াই ভক্তদের মনে উত্তেজনার পারদ চরমে পৌঁছে দেয়। কিন্তু টুর্নামেন্ট শুরুর পর থেকে ভারতের সঙ্গে টক্কর দিয়ে চলতে পারেনি পাকিস্তান। ভারত যেখানে ৭টি ট্রফি নিয়ে সবার ওপরে সেখানে পাকিস্তানের ট্রফি সংখ্যা মাত্র ২টি। মুখোমুখি লড়াইয়েও বেশ পিছিয়ে পাকিস্তান।
১৯৮৪ সালে শুরু হওয়া এশিয়া কাপে এখনো পর্যন্ত ১৬ বার মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। এর মধ্যে ওয়ানডে সংস্করণে ১৩ ম্যাচ ও ৩ ম্যাচ টি-টোয়েন্টি সংস্করণে হয়েছে। দুবাইয়ে সর্বশেষ লড়াইয়ে পাকিস্তান জিতলেও পরিসংখ্যানে দাপট ভারতের। সর্বশেষ ৫ ম্যাচে ৪ জয় পাওয়া ভারত যেন মানসিকভাবেই প্রতিদ্বন্দ্বিতায় খানিকটা এগিয়ে থাকে।
সবমিলিয়ে ভারত জিতেছে ৯ ম্যাচে। এর মধ্যে ৭টি জয় ওয়ানডেতে এবং ২টি জয় টি-টোয়েন্টিতে। আর পাকিস্তান ছয় ম্যাচে জয় পেয়েছে, ৫টি ওয়ানডে ও ১টি টি-টোয়েন্টি। কোনো ফলাফল ছাড়াই শেষ হয়েছিল ১টি ম্যাচ।
এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচের ফলাফল
*ভারত পাকিস্তানকে ৫৪ রানে হারিয়েছে (শারজাহ, ৩ এপ্রিল ১৯৮৪)
*ভারত পাকিস্তানকে ৪ উইকেটে হারিয়েছে (ঢাকা, ৩১ অক্টোবর ১৯৮৮)
*পাকিস্তান ভারতকে ৯৭ রানে হারিয়েছে (শারজাহ, ৭ এপ্রিল ১৯৯৫)
*বিনা প্রতিদ্বন্দ্বিতায় শেষ হয় (কলম্বো, ২০ জুলাই ১৯৯৭)
*পাকিস্তান ভারতকে ৪৪ রানে হারিয়েছে (ঢাকা, ৩ জুন ২০০০)
*পাকিস্তান ভারতকে ৫৯ রানে হারিয়েছে (কলম্বো, ২৫ জুলাই ২০০৪)
*ভারত পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে (করাচি, ২৬ জুন ২০০৮)
*পাকিস্তান ভারতকে ৮ উইকেটে হারায় (করাচি, ২ জুলাই ২০০৮)
*ভারত পাকিস্তানকে ৩ উইকেটে হারিয়েছে (ডাম্বুলা, ১৯ জুন ২০১০)
*ভারত পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে (মিরপুর, ১৮ মার্চ ২০১২)
*পাকিস্তান ভারতকে ১ উইকেটে হারিয়েছে (মিরপুর, ২ মার্চ ২০১৪)
*ভারত পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়েছে (টি-টোয়েন্টি; মিরপুর, ২৭ ফেব্রুয়ারি ২০১৬)
*ভারত পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়েছে (দুবাই, ১৯ সেপ্টেম্বর ২০১৮)
*ভারত পাকিস্তানকে ৯ উইকেটে হারিয়েছে (দুবাই, ২৩ সেপ্টেম্বর ২০১৮)
*ভারত পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়েছে (টি-টোয়েন্টি; দুবাই, ২৮ আগস্ট ২০২২)
*পাকিস্তান ভারতকে ৫ উইকেটে হারিয়েছে (টি-টোয়েন্টি; দুবাই, ৪ সেপ্টেম্বর ২০২২)











































