আন্তর্জাতিক ডেস্ক।।
একদিন আগে সাবেক প্রেমিকের নামে পুলিশে অভিযোগ দায়ের করেন এক প্রেমিকা। এর পরের দিনেই তিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। ভারতের মহারাষ্ট্রে ঘটেছে এ ঘটনা। খবর এনডিটিভির।
প্রতিবেদনে বলা হয়েছে, ২২ বছরের এক যুবক তার প্রেমিকাকে ছুরিকাঘাতে হত্যা করে মহারাষ্ট্রের এক ঘাটে তার লাশ ফেলে দিয়েছেন। আজ শুক্রবার গোয়া পুলিশ এ তথ্য জানিয়েছে।
ইতিমধ্যে পুলিশ অভিযুক্ত প্রকাশকে গ্রেপ্তার করেছেন। তিনি তার সাবেক প্রেমিকা কামাক্ষী নায়েককে (৩০) গতকাল বৃহস্পতিবার তার বাড়িতে হত্যার কথা স্বীকার করেছেন।
দেশটির পুলিশের একজন ঊর্ধতন কর্মকর্তা বলেছেন, গত বুধবার নায়েক মাপুসা পুলিশ স্টেশনে প্রকাশের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এরপরের দিনেই তিনি হত্যার শিকার হয়েছেন।
পুলিশ মহারাষ্ট্রের আমবলি ঘাট থেকে কামাক্ষীর লাশ উদ্ধার করেছেন। এটি কামাক্ষীর বাড়ি থেকে ৮০ কিলোমিটার দূরে। যে গাড়িতে করে কামাক্ষীর লাশ নিয়ে যাওয়া সেটিও উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশ জানিয়েছে, গত বুধবার মাপুসায় প্রকাশের সঙ্গে নায়েকের ঝগড়া হয়। এরপরেই নায়েক প্রকাশের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। সেইসময় পুলিশ প্রকাশকে ছেড়ে দেয় এবং নায়েকের ব্যাপারে যেন নাক না গলায় এ নিয়ে তাকে সতর্ক করে।
তবে পরের দিনেই প্রকাশ নায়েকের ফ্ল্যাটে যায় এবং তর্ক শুরু করে। এক পর্যায়ে তাকে ছুরিকাঘাতে হত্যা করে। এরপর তার লাশ আমবলি ঘাটে ফেলে দেয়।











































