আর্ন্তজাতিক ডেস্ক।।
ভারতের মধ্যপ্রদেশে এক দলিত তরুণকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এমন পরিস্থিতিতে ছেলেকে বাঁচাতে গেলে ওই তরুণের মাকেও বিবস্ত্র করা হয় বলে অভিযোগ উঠেছে। খবর এনডিটিভির।
রোববার (২৭ আগস্ট) মধ্যপ্রদেশের সাগর জেলায় এ ঘটনা ঘটেছে। এ নিয়ে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এরইমধ্যে মামলায় অভিযুক্ত আটজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, ২০১৯ সালে নিহত দলিত তরুণের বোন কয়েকজনের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করেন। এ নিয়ে থানায় মামলাও হয়।
তরুণের মা বলেন, ‘ওই মামলার পর থেকেই তাদের পরিবারকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দেওয়া হতে থাকে। রোববার কয়েক জন মিলে তাদের বাড়িতে গিয়ে ছেলেকে মারধর শুরু করে। বাড়ি ভঙচুর করা হয়।’
তিনি বলেন, ‘আমার চোখের সামনে ছেলেটাকে পিটিয়ে মেরে ফেলে ওরা। আমি বাধা দিতে গেলে আমার শাড়ি টেনে খুলে দেয়। আমার মেয়েকেও তারা মারধর করে।’
ওই তরুণের মা আরও বলেন, ‘আমার ছেলেটাকে আর বাঁচাতে পারলাম না। খবর পেয়ে পুলিশ আমাদের বাড়িতে এসেছিল। আমাকে বিবস্ত্র দেখে একটি গামছা দেওয়া হয়। ওই গামছা জড়িয়েই কিছুক্ষণ দাঁড়িয়ে ছিলাম। পরে এক জন শাড়ি এনে দেন।’
রাজ্য প্রশাসন জানিয়েছে, নিহত তরুণের পরিবারকে যথাসম্ভব আর্থিক সহায়তা করা হয়েছে।
এদিকে এই ঘটনার পর উত্তপ্ত হয়ে উঠেছে দেশটির রাজনৈতিক মহল। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে দলিত এবং আদিবাসী সম্প্রদায়ের প্রতি অত্যাচারের জন্য বিজেপি সরকারের দিকে আঙুল তুলেছেন।
অন্যদিকে বিজেপির দাবি, ঘটনাটির পর কংগ্রেস হাত গুটিয়ে বসে ছিলো। যা পদক্ষেপ নেয়ার বিজেপিই নিয়েছে।











































