স্পোর্টস ডেস্ক।।
‘ইউএস মাস্টার্স টি-টেন’ খেলতে যুক্তরাষ্ট্রে আছেন বাংলাদেশি পেসার কামরুল ইসলাম রাব্বি। যুক্তরাষ্ট্রের সময় গতকাল মঙ্গলবার রাতে মুখোমুখি হয়েছিল রাব্বির দল আটলান্টা রাইডার্স ও শহীদ আফ্রিদিদের দল নিউইয়র্ক ওয়ারিয়র্স। ম্যাচের শেষ ওভারে ২২ রান দরকার ছিল নিউইয়র্কের। তবে রাব্বির করা শেষ ওভারে ৪টি ছক্কা মেরে জয়ের বন্দরে পৌঁছে যায় নিউইয়র্ক।
প্রথমে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১০৩ রান করে আটলান্টা। সর্বোচ্চ ৪১ রান আসে ওপেনার লেন্ডল সিমন্সের ব্যাট থেকে। ৩২ রান করেন অধিনায়ক রবিন উথাপ্পা। ২ বলে ৫ রানে অপরাজিত থাকেন আরেক বাংলাদেশি নাসির হোসাইন।
জবাব দিতে নেমে প্রথম ৯ ওভারে ৪ উইকেট হারিয়ে ৮২ রান করে নিউইয়র্ক। শেষ ওভারে রাব্বির হাতে বল তুলে দেন অধিনায়ক উথাপ্পা। অধিনায়কের আস্থার প্রতিদান দিতে পারেননি তিনি। প্রথম বলেই হজম করেন ছক্কা। দ্বিতীয় বলে মাত্র ১ রান দিলেও তৃতীয় ডেলিভারিটি ওয়াইড হয়। বৈধ তৃতীয় বলে আবারও ছক্কা হজম করেন তিনি। এরপর চতুর্থ বল ডট দিতে পারলেও শেষ ২ বলে আবারও ছক্কা হাঁকান প্রতিপক্ষের ব্যাটাররা। সবমিলিয়ে ওভারে আসে ২৭ রান। নিউইয়র্কও পেয়ে যায় ৬ উইকেটের জয়।
নিউইয়র্কের হয়ে সর্বোচ্চ ৪১ রান করে অপরাজিত থাকেন জোনাথন কার্টার। এদিন ১০ বলে ১৪ রান করে আউট হয়ে যান পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি।
আটলান্টা দলে ছিলেন বাংলাদেশের সাবেক স্পিনার ইলিয়াস সানিও। ২ ওভার বল করে ১৯ রানের বিনিময়ে ১টি উইকেট শিকার তার। ১ ওভার বল করে ১২ রান দিয়েছেন তিনি।











































