স্পোর্টস ডেস্ক।।
২০১৯ বিশ্বকাপের পর ওয়ানডে উইকেট সংগ্রহে তলানির দিকে আছেন পাকিস্তানের স্পিনাররা। তবে এ সময়ে তাদের পেস বিভাগ ছিল দুর্দান্ত ফর্মে। পাকিস্তানকে বেশ কিছু জয় এনে দিয়েছেন শাহীন আফ্রিদি, হারিস রউফ ও নাসিম শাহর মতো পেসাররা।
যার সর্বশেষ নজির গতকাল মঙ্গলবার আফগানিস্তানের বিপক্ষে পাকিস্তানের প্রথম ওয়ানডে। ম্যাচে পাকিস্তানের ২০১ রানের জবাবে মাত্র ৫৯ রানেই অলআউট হয় আফগানিস্তান। একাই ৫ উইকেট শিকার করেন হারিস রউফ। শুরুর ২ উইকেট অবশ্য নিয়েছিলেন শাহীনই। ইকোনমি দুইয়ের একটু বেশি রেখে নাসিমও শিকার করেছেন ১টি উইকেট।
ভারতের সাবেক ক্রিকেটার ও বিখ্যাত ধারাভাষ্যকার হার্শা ভোগলেও এই ৩ পেসার নিয়ে সতর্ক হতে বললেন অন্যান্য দলকে। পাকিস্তান বোর্ডে বেসামাল অবস্থা চলার পরও নিজেদের মান বজায় রাখছেন পাকিস্তানের পেসাররা। এমন অচলাবস্থার মধ্যেও পাকিস্তান যে বিশ্বমানের পেসার তৈরি করছে তার প্রশংসা করেন ভোগলে।
এক টুইট বার্তায় ভোগলে বলেন, ‘ফাস্ট বোলিং দিয়ে পাকিস্তান শক্ত বার্তা দিচ্ছে। বিশ্ব ক্রিকেটে সেরা ত্রয়ী (শাহীন, রউফ, নাসিম) তারা। এবং এটি প্রশাসনের (পিসিবির) যাওয়া আসার মধ্যেও।’
২০১৯ বিশ্বকাপের পর পাকিস্তানের পেস ও স্পিন বিভাগের তফাত আকাশ-পাতালই। বিগত ৪ বছরে স্পিনে যেখানে দলটি বিশ্বের মধ্যে তলানিতে আছে সেখানে ২৭ গড়ে বোলিং করেছেন দেশটির পেসাররা। ভারতে অনুষ্ঠেয় ২০২৩ বিশ্বকাপে অংশগ্রহণ করতে যাওয়া ১০ দলের মধ্যে এত ভালো পরিসংখ্যান নেই আর কোনো দলেরই।











































