Home খেলাধুলা রোববার এশিয়া কাপ খেলতে শ্রীলঙ্কা যাচ্ছে বাংলাদেশ

রোববার এশিয়া কাপ খেলতে শ্রীলঙ্কা যাচ্ছে বাংলাদেশ

40

স্পোর্টস রিপোর্টার।।
এশিয়া কাপের প্রস্তুতি চলছে জোরেশোরে। তবে দেশে ফিরলেও এখন পর্যন্ত অনুশীলনে আসেনি অধিনায়ক সাকিব আল হাসান। আজ ম্যাচ পরিস্থিতিতে অনুশীলন করবে দল। অন্যদিকে বিসিবি সূত্রে জানা গেছে, রোববার ২৭শে আগস্ট এশিয়া কাপ খেলতে শ্রীলঙ্কা যাচ্ছে বাংলাদেশ দল। লঙ্কান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুপুরে টাইগাররা যাবে এশিয়া কাপ মিশনে। সেখান থেকে তারা যাবে পাকিস্তান। জানা গেছে, শুরুতে সবগুলো ফ্লাইট চাটার্ড করার কথা থাকলেও শেষ পর্যন্ত তা হচ্ছে না। শুধুমাত্র পাকিস্তানের অভ্যন্তরীণ ফ্লাইটগুলোই টাইগারদের বহন করবে চাটার্ড (ভাড়া করা) বিমান। বিসিবি’র একটি সূত্র জানায়, ‘২৭শে আগস্ট দুপুরে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের কমার্শিয়াল ফ্লাইটে দুপুরে দেশ ছাড়বে বাংলাদেশ দল। এশিয়া কাপের ১৭ ক্রিকেটার ছাড়াও সঙ্গে কোচ ও কোচিং স্টাফসহ আরও ১৩ জন যুক্ত হবে দলের সঙ্গে।

পাকিস্তানেও যাওয়া হবে কমার্শিয়াল ফ্লাইটে। তবে সেখানে অভ্যন্তরীণ ফ্লাইট হবে চাটার্ড।’
টানা অনুশীলন আর ম্যাচের মধ্যে থাকায় এশিয়া কাপের আগে সাকিবের দল খেলবে না কোনো প্রস্তুতি ম্যাচ। তাই দেশ ছাড়ার আগে নিজেরাই আজ ম্যাচ পরিস্থিতিতে অনুশীলন করবে। গতকাল ক্রিকেটারদের বিশ্রাম দেয়া হয়েছিল। তবে এদিন মাঠে এসেছিলেন বেশ কয়েকজন ক্রিকেটার। এশিয়া কাপের দল ঘোষণার আগে হয়েছে নানা নাটকীয়তা। ইনজুরির কারণে নেতৃত্ব থেকে সরে দাঁড়ান তামিম ইকবাল। সেই সঙ্গে জানিয়ে দেন খেলবেন না এশিয়া কাপেও। মিরপুরে তিনি অবশ্য অনুশীলন শুরু করেছেন। গতকালও তিনি এসেছিলেন মাঠে। ধারণা করা হচ্ছে আজ অনুশীলনে যোগ দিতে পারেন নয়া অধিনায়ক সাকিব আল হাসান।

কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি লীগ, শ্রীলঙ্কা এসএলপিএল খেলে গিয়েছিলেন দুবাইয়ে স্বর্ণের দোকান উদ্বোধনে। সেখান থেকে দেশে ফিরে পরের দিনই যান বরিশালে। সেদিনই ঢাকা ফিরে একটি মোবাইল কোম্পানির অনুষ্ঠানে যোগ দেন দেশের অন্যতম সেরা এই ক্রিকেটার। তবে তার অনুশীলন নিয়ে খুব একটা চিন্তা নেই জাতীয় দলের। কারণ তিনি ছিলেন খেলার মধ্যেই। তবে অধিনায়ক হিসেবে এশিয়া কাপের আগে তার দলের সঙ্গে থাকা ভীষণ প্রয়োজন বলেই মনে করেন ক্রিকেট বোদ্ধারা। যদিও বিসিবি’র একটি সূত্র জানায়- ‘সাকিব খেলার মধ্যেই আছে। যদিও ও টি-টোয়েন্টি ফরম্যাটে খেলছে। আর এশিয়া কাপ ওয়ানডে ফরম্যাটে। কিন্তু সাকিবের মতো ক্রিকেটারের জন্য নিজেকে মানিয়ে নেয়া কঠিন হবে না। আশা করি এখন দলের সঙ্গে যোগ দিয়ে নিজের মতো করে সব গুছিয়ে নিতে পারার যথেষ্ট দক্ষতা আছে তার।’

সূচি অনুযায়ী, আগামী ৩০শে আগস্ট থেকে শুরু হচ্ছে এবারের এশিয়া কাপ। সবক’টি ম্যাচই বাংলাদেশ সময় সাড়ে ৩টার দিকে শুরু হবে। এবারের এশিয়া কাপে অংশ নিচ্ছে ৬টি দল। যেখানে দলগুলো দুইটি গ্রুপে ভাগ করা। ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান এবং নেপাল। আর গ্রুপ ‘বি’-তে রয়েছে বাংলাদেশ, আফগানিস্তান এবং শ্রীলঙ্কা। বাংলাদেশের এশিয়া কাপ অভিযান শুরু হবে টুর্নামেন্টের পর্দা ওঠার পরদিনই। গ্রুপপর্বে বাংলাদেশের ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে দুই দেশে। তাছাড়া, ম্যাচ দুটির মাঝেও মাত্র দুইদিনের বিশ্রাম পাবে টাইগাররা। ৩১শে আগস্ট ক্যান্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের পর ৩রা সেপ্টেম্বর লাহোরে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। সুপার ফোরে উঠলেও গ্রুপপর্বের মতো দুইদিনের ব্যবধানে বাংলাদেশকে দুটি ভিন্ন দেশে খেলতে হবে। ৬ই সেপ্টেম্বর লাহোরের পর ৯ই সেপ্টেম্বর কলম্বোতে পড়েছে সুপার ফোরে বাংলাদেশের সম্ভাব্য দুটি ম্যাচ।