Home খেলাধুলা আরেক ধাক্কা খেলো ম্যানইউ

আরেক ধাক্কা খেলো ম্যানইউ

57

স্পোর্টস ডেস্ক।।
ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে শুরুটা তেমন আশাব্যাঞ্জক হয়নি ম্যাসন মাউন্টের। এর মাঝে আঘাত হেনেছে চোট। পরের দুই ম্যাচে ইংলিশ এই মিডফিল্ডারকে পাচ্ছে না প্রিমিয়ার লীগের ক্লাবটি। ম্যানচেস্টার ইউনাইটেডের ওয়েবসাইটে মঙ্গলবার দেওয়া বিবৃতিতে তার চোটের বিষয়টি জানানো হয়। তবে চোটের ধরন সম্পর্কে কিছু বলা হয়নি।

টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে গত শনিবার ২-০ গোলে হেরে যায় ইউনাইটেড। ওই ম্যাচের পর একটু সমস্যা অনুভব করার কথা জানান মাউন্ট। দলের পরের দুই ম্যাচে তার খেলতে না পারার বিষয়টি একরকম নিশ্চিতই। আগামী শনিবার নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে মাঠে নামবে ইউনাইটেড। ক্লাবের বিবৃতিতে বলা হয়েছে, সেপ্টেম্বরের আন্তর্জাতিক বিরতির আগে মাউন্টের ফেরার তেমন সম্ভাবনা নেই। এর মানে, আগামী ৩ সেপ্টেম্বর আর্সেনালের বিপক্ষেও খেলতে পারবেন না তিনি।

চেলসি ছেড়ে গত জুলাইয়ে ইউনাইটেডে যোগ দেন মাউন্ট।
প্রিমিয়ার লীগে দলের প্রথম দুই ম্যাচেই শুরুর একাদশে সুযোগ পান তিনি যদিও কোনো ম্যাচেই তেমন কার্যকর হয়ে উঠতে পারেননি। লীগের দুই রাউন্ড শেষে পয়েন্ট তালিকার ১২তম স্থানে শোভা পাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডের নাম। উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সের বিপক্ষে ১-০ গোলে মৌসুম শুরুর ম্যাচে ৬৮ মিনিট খেলেন ২৪ বছর বয়সী মাউন্ট। আর টটেনহ্যামের বিপক্ষে ম্যাচ শেষের ৫ মিনিট বাকি থাকতে তাকে তুলে নেন কোচ এরিক টেন হাগ। আগামী ৯ সেপ্টেম্বর ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে ইউক্রেনের মুখোমুখি হবে ইংল্যান্ড। এর তিন দিন পর স্কটল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে গ্যারেথ সাউথগেটের দল। জাতীয় দলের এই দুই ম্যাচেও হয়তো খেলতে পারবেন না মাউন্ট।