স্পোর্টস ডেস্ক
বোলাররা কাজটা সহজ করে রেখেছিলেন। মুজিব উর রহমান, মোহাম্মদ নবী, রাশিদ খানদের দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে মাত্র ২০১ রানে গুটিয়ে দিয়েছিলেন তারা। ওয়ানডেতে পাকিস্তানকে এবারই প্রথম অলআউট করে জয়ের স্বপ্নও দেখছিলেন হয়তো। কিন্তু পাকিস্তানি পেসারদের তোপের মুখে দাঁড়াতেই পারেননি আফগান ব্যাটাররা। আরও নির্দিষ্ট করে বললে একা হারিস রউফই গুড়িয়ে দিয়েছেন আফগানদের অর্ধেক ব্যাটিং লাইনআপ।
মঙ্গলবার ৩ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আফফানিস্তানকে ১৪২ রানে হারায় পাকিস্তান। লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৫৯ রানে গুটিয়ে যায় আফগানরা। ওয়ানডে ক্যারিয়ারে প্রথমবার ফাইফার নিয়ে ম্যাচসেরা হারিস রউফ। কয়েকদিন আগেই বিয়ে করেছেন হারিস। জীবনের দ্বিতীয় ইনিংস শুরুর পর আন্তর্জাতিক ক্রিকেটে করা প্রথম ডেলিভারিতেই উইকেটের দেখা পান তিনি। এটাকে ‘স্ত্রী’ সৌভাগ্য বলছেন এই পাকিস্তানি পেসার।
হারিস রউফ বলেন, ‘বিয়ের পর জীবনে অনেক কিছুরই পরিবর্তন আসে। আলহামদুলিল্লাহ আমার স্ত্রী আমার জন্য সৌভাগ্য বয়ে এনেছে।’
ম্যাচসেরার পুরস্কার কাকে উৎসর্গ করতে চান, এ প্রশ্নের উত্তর দিতে গিয়ে হারিস রউফ একটু দ্বিধায় পড়ে যান। শেষ পর্যন্ত মায়ের অবদানের কথা মনে করে তালে ম্যাচসেরার পুরস্কার উৎসর্গ করেন তিনি।
১৮ রানে ৫ উইকেট নেন হারিস। শুধু ওয়ানডে নয়, আন্তর্জাতিক ক্যারিয়ারেরই এটা তার সেরা বোলিং ফিগার। ম্যাচ শেষে সাফল্যের কথা বলতে গিয়ে সতীর্থ দুই পেসারকে কৃতিত্ব দিতে ভুল করেননি হারিস। তিনি বলেন, ‘এরা (শাহিন ও নাসিম) নতুন যেভাবে বোলিং করেছে, তা আমাকে আত্মবিশ্বাস দিয়েছে। এরা শুরুতেই যদি উইকেট এনে দিতে পারে, তাহলে আমার চেষ্টাটা থাকে ভালো শুরু ধরে রাখার। পরিকল্পনা ছিল হার্ড লেংথে বোলিং করব।’
এদিন পাকিস্তানের দেওয়া ২০২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারায় আফগানিস্তান। আফ্রিদি ও নাসিম শাহর তোপে ৪ রানে ফিরে যান তিন ব্যাটার। ইব্রাহীম জাদরান, রহমত শাহ, ও অধিনায়ক হাসমতউল্লাহ শাহিদী- যারা রানের খাতাই খুলতে পারেননি।এরপর শুরু হয় পাকিস্তানি পেসার হারিস রউফের ধ্বংসযজ্ঞ। পুরো ইনিংসে মাত্র দুইজন ব্যাটার ব্যক্তিগত ইনিংস দুই অঙ্কের ঘরে নিতে পেরেছেন। সর্বোচ্চ ১৮ রান করা ওপেনার রহমানউল্লাহ গুরবাজও হারিসের শিকার হয়েছেন।
শেষ পর্যন্ত ১৯.৫ ওভারে ৫৯ রানে গুটিয়ে যায় আফগানরা। এই সংস্করণে আফগানিস্তানের দ্বিতীয় সর্বনিম্ন স্কোর এটি। ২০১৬ সালে শারজাহতে জিম্বাবুয়ের বিপক্ষে ৫৮ রান দলটির সর্বনিম্ন দলীয় সংগ্রহ। ৬.২ ওভারে ১৮ রানে ৫ উইকেট নেন হারিস। এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম দুই ওভারের মধ্যে ফখর জামান ও বাবরকে হারায় পাকিস্তান। দারুণ কয়েকটি বাউন্ডারিতে ভালো কিছুর ইঙ্গিত দেওয়া মোহাম্মদ রিজওয়ানও ইনিংস বড় করতে পারেননি। ২২ বলে ৪ চারে ২১ রান করেন উইকেটরক্ষক ব্যাটার। ১৭তম ওভারে বোলিংয়ে এসেই রাশিদ খান আঘা সালমানকে ফেরালে ৬২ রানে ৪ উইকেট হারিয়ে পড়ে পাকিস্তান। এরপর ইফতিখার আহমেদকে নিয়ে একপ্রান্ত আগলে রাখার চেষ্টা করেন ইমাম । এই দুজনের ব্যাট থেকেই আসে ম্যাচের একমাত্র পঞ্চাশ ছোঁয়া জুটি। ইফতিখারকে ফিরিয়ে জুটি ভাঙেন নবি। ৪১ বলে ৩০ করেন তিনি। ৭৮ বলে ৫০ করা ইমা আউট হন এরপরই। এই বাঁহাতির ৯৪ বলে ৬১ রানের ইনিংসে বাউন্ডারি স্রেফ ২টি। এরপর উসামা মির ও শাহিন শাহ আফ্রিদি দ্রুত বিদায় নিলে ১৬৩ রানে ৮ উইকেট হারানো পাকিস্তানের দলীয় সংগ্রহ ২০০ হওয়া নিয়েই শঙ্কা জাগে। এরপরই নবম উইকেটে নাসিম আর শাদাব মিলে ৩৪ রানের জুটি গড়েন। ৫০ বলে ৩ চারে ৩৯ রান করে শাদাব রান আউট হলে ভাঙে জুটি। পরের ওভারে রউফকে ফিরিয়ে ইনিংস গুটিয়ে দেন রহমত শাহ। ২৭ বলে ১৮ রান করে অপরাজিত থাকেন নাসিম।











































