স্পোর্টস ডেস্ক।।
বিশ্বকাপের আগে-পরে দুই দফায় বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। তবে প্রধান কোচ গ্যারি স্টেডকে ছাড়াই বাংলাদেশ সফর করবে কিউইরা। আগামী সেপ্টেম্বরে টাইগারদের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে নিউজিল্যান্ড। আর ওয়ানডে বিশ্বকাপের পর খেলবে টেস্ট সিরিজ। সফরে কিউইদের প্রধান কোচের দায়িত্বে থাকবেন ব্যাটিং কোচ লুক রনকি। বাংলাদেশের বিপক্ষে সিরিজে নিয়মিত প্রধান কোচ গ্যারি স্টেডকে বিশ্রাম দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)।
ব্যস্ত মৌসুমে ক্লান্তির কথা মাথায় রেখে ক্রিকেটারদের মতো কোচদেরও বিশ্রাম দিচ্ছে নিউজিল্যান্ড। সে কারণেই বাংলাদেশে আসবেন না ব্ল্যাক ক্যাপদের প্রধান কোচ গ্যারি স্টেড। বাংলাদেশ সফরের দায়িত্ব পাওয়া লুক রনকিকে বিশ্রাম দেয়া হবে নিউজিল্যান্ডের ইংল্যান্ড সফরে। তখন রনকির জায়গায় কিউইদের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করবেন সাবেক ইংলিশ ব্যাটার ইয়ান বেল। এছাড়া বিশ্বকাপকে সামনে রেখে নিউজিল্যান্ডের কোচিং প্যানেলে যুক্ত করা হয়েছে দেশটির অন্যতম সফল অধিনায়ক স্টিভেন ফ্লেমিংকে।
আইপিএলে চেন্নাই সুপার কিংসকে ৫টি শিরোপা জেতানো এই কোচকে নেয়ার মূল কারণ, ভারতের কন্ডিশনে তার কোচিং অভিজ্ঞতা। আপাতত ফ্লেমিং ইংল্যান্ডের দ্য হান্ড্রেডের দল সাউদার্ন ব্রেভের কোচ। এই টুর্নামেন্ট শেষে ইংল্যান্ডের ওয়ানডে সিরিজের আগে নিউজিল্যান্ড দলের সঙ্গে যুক্ত হবেন ৫০ বছর বয়সী ফ্লেমিং। ইংল্যান্ডে ওয়ানডে সিরিজ এবং ওয়ানডে বিশ্বকাপে সহকারী কোচ হিসেবে কাজ করবেন জেমস ফস্টার। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বেশ নাম-ডাক রয়েছে ইংল্যান্ডের সাবেক এই উইকেটরক্ষক-ব্যাটারের। ইংল্যান্ড সফরে টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডের সহকারী কোচের দায়িত্বে থাকবেন ইয়ান বেল। পরে ওয়ানডে সিরিজে লুক রনকি বিশ্রামে গেলে তিনি কাজ করবেন ব্যাটিং কোচ হিসেবে। ইংল্যান্ডের হয়ে ১১৮ টেস্ট এবং ১৬১ ওয়ানডে খেলা ইয়ান বেল অবশ্য থাকবেন না বিশ্বকাপে নিউজিল্যান্ডের কোচিং প্যানেলে।
আগামী ৩০শে আগস্ট শুরু হচ্ছে ইংল্যান্ড-নিউজিল্যান্ডের মধ্যকার চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ৮ই সেপ্টেম্বর শুরু চার ম্যাচের ওয়ানডে সিরিজ। ইংল্যান্ড সফর শেষেই বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড দল। টাইগারদের বিপক্ষে সিরিজে লুক রনকির সঙ্গে কোচিং প্যানেলে থাকবেন ইয়ান বেলও। আগামী ২১শে সেপ্টেম্বর শুরু হবে বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। বাকি দুই ম্যাচ হবে যথাক্রমে ২৩ ও ২৬শে সেপ্টেম্বর।
বিশ্বকাপের পর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড। সেই সফরেও বিশ্রামে থাকবেন প্রধান কোচ গ্যারি স্টেড। তবে তার স্থলাভিষিক্ত কে হবেন, সে ব্যাপারে কিছু জানায়নি নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। সেই সফরে নিউজিল্যান্ডের স্পিন বোলিং কোচ হিসেবে বাংলাদেশে আসবেন পাকিস্তানের কিংবদন্তি স্পিনার সাকলায়েন মুশতাক। আগেও কিউইদের সঙ্গে কাজ করেছেন তিনি। এর আগে ২০১২ ও ২০১৩ সালে বাংলাদেশ দলের সঙ্গেও স্পিন বোলিং কোচ এবং কনসালট্যান্ট হিসেবে কাজ করেছিলেন তিনি।
৪২ বছর বয়সী রনকি আগে থেকেই নিউজিল্যান্ডের কোচিং স্টাফে আছেন। বাংলাদেশ সফরে আসবেন বলে সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের ইংল্যান্ড সফরের ওয়ানডে সিরিজে রনকিকে বিশ্রাম দেওয়া হয়েছে।
বাংলাদেশ সফরে সাকলায়েন মুশতাককে যুক্ত করা নিয়ে গ্যারি স্টেড বলেন, ‘আমাদের ছেলেদের সঙ্গে সাকলায়েনের কাজের অভিজ্ঞতা আছে। স্পিন বোলিংয়ে বিশেষ কিছু যোগ করার মতো জানাশোনা আছে। খেলোয়াড় এবং টেস্ট ক্রিকেটার হিসেবেও সে দুর্দান্ত ছিল। আমরা নিশ্চিত, বাংলাদেশ সফরে স্পিনে সে বিশেষজ্ঞ-জ্ঞান যুক্ত করবে। যে দিকটাতে আমরা সব সময় মনোযোগ দিই না।’ বাংলাদেশ দলের সাবেক কোচ ও নিউজিল্যান্ডের বোলিং কোচ জার্গেনসন টেস্ট সফরে আসবেন না। বিশ্বকাপের পরই নিউজিল্যান্ড জাতীয় দলের দায়িত্ব ছেড়ে ওয়েলিংটনের প্রধান কোচের দায়িত্ব নেবেন তিনি। তার জায়গায় কে আসবেন এখনো জানানো হয়নি।











































