খুলনাঞ্চল ডেস্ক।।
যুক্তরাষ্ট্রের হাওয়াইতে দাবানলে নিহতের সংখ্যা বেড়ে ১০৬ জনে দাঁড়িয়েছে। এখনও নিহতদের পরিচয় উদ্ধার করা সম্ভব হয়নি। সিএনএন জানিয়েছে, আরও অন্তত কয়েক সপ্তাহ সময় লেগে যাবে সকলের পরিচয় নিশ্চিত হতে। হাওয়াইর গভর্নর নিজেও নিহতদের পরিচয় বের করাকে ‘কঠিন’ বলে মন্তব্য করেছেন। নিখোঁজ স্বজনদের পরিনতি জানতে সব ধরণের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন হাওয়াইর মাউই দ্বীপের বাসিন্দারা।
এদিকে এখনও প্রতিদিনই মৃতের সংখ্যা বাড়ছে। ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার হচ্ছে মরদেহ। ১৮৫ অনুসন্ধানকারী মরদেহের সন্ধান করছেন। তাদের সঙ্গে আছে ২০টি কুকুর। এদিকে চলমান এই দাবানল এরইমধ্যে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ইতিহাসের সব থেকে প্রাণঘাতী দুর্যোগের রেকর্ড করেছে। গত এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে এমন ভয়াবহতা দেখেনি দেশটি।
মার্কিন কর্মকর্তারা বলছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে কারণ, এখনও মাউই দ্বীপের বহু এলাকায় অনুসন্ধান চলছে। দাবানলে দ্বীপটির লাহাইনা শহরের বড় একটি অংশ ধ্বংস হয়ে গেছে।
মূলত রিসোর্টের জন্য বিখ্যাত এই দ্বীপটিতে ১২ হাজার মানুষ বাস করতেন। কিন্তু এখন এর বেশিরভাগ এলাকাই ছাই হয়ে গেছে। এর বিশ্ববিখ্যাত হোটেল ও রেস্টুরেন্টগুলো ধ্বংস হয়ে গেছে। গভর্নর জোশ গ্রিন এই দাবানলকে হাওয়াইর ইতিহাসের সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় হিসেবে বর্ণনা করেছেন।
এর আগে ২০১৮ সালে ক্যালিফোর্নিয়ার প্যারাডাইস শহরে দাবানলে ৮৫ জন মারা গিয়েছিল। সেই সংখ্যাকে ছাড়িয়ে হাওয়াইর এই দাবানল গত ১০০ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের সবথেকে বেশি মর্মান্তিক দুর্যোগের রেকর্ড গড়েছে। ১৯১৮ সালে দেশটির মিনেসোটা এবং উইসকনসিন অঙ্গরাজ্যে দাবানলে ৪৫৩ জন নিহত হয়েছিলেন। সেই ঘটনার পর এবার হাওয়াইর দাবানলই সবথেকে বেশি প্রাণ কেড়েছে।
উদ্ধার হওয়া মরদেহ প্রসঙ্গে মাউই দ্বীপের পুলিশ প্রধান জন বলেন, এগুলির প্রত্যেকটিকে সনাক্ত করার জন্য আমাদের দ্রুত ডিএনএ পরীক্ষা করতে হবে। যখন আমরা দেহাবশেষগুলো তুলছিলাম, তখন এগুলো ভেঙে পড়ছিল। যুক্তরাষ্ট্রের ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (ফেমা) বলছে, লাহাইনা শহরের পুনর্র্নিমাণে কমপক্ষে ৫.৫ বিলিয়ন ডলার প্রয়োজন পড়বে। শহরটিতে দুই হাজার ২০০ টিরও বেশি অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। ২১০০ একর বা ৮৫০ হেক্টরের বেশি বন পুড়ে গেছে সেখানে। হাওয়াইয়ান কর্তৃপক্ষ আগুন নিয়ন্ত্রণের বিষয়ে তদন্ত শুরু করেছে। তবে স্থানীয় বাসিন্দারা বলছেন যে, সরকারের তরফ থেকে কোনও ধরনের সতর্কতা ছিল না।











































