স্পোর্টস ডেস্ক।।
এইতো কয়েক বছর আগেও বাংলাদেশের ইনিংস উদ্বোধনে তামিম ইকবাল নির্ধারিত। তার সঙ্গে বিগত এক যুগে অনেক ওপেনারই এসেছেন। তবে থিতু হতে পারছিলেন না কেউই। শেষ পর্যন্ত লিটন সেই জায়গাটি অনেকাটাই পূরণ করেছেন। এ মাসের শেষেই শুরু হবে এশিয়া কাপ। চোটের কারণে নিজেকে দল থেকে সরিয়ে নিয়েছেন তামিম। এখন প্রশ্ন দেখা দিয়েছে, লিটনের ওপেনিং সঙ্গী হবেন কে?
এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। সেখানে আছেন বেশ কিছু ম্যাচে বাংলাদেশের ইনিংস উদ্বোধন করা নাঈম শেখ, অনেকেই বলছেন আফিফ হোসেনের ব্যাটিং অর্ডারের উন্নতি করে ওপেনিংয়ে খেলাতে। তবে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং বিসিবির পরিচালক খালেদ মাহমুদ বাংলাদেশের ইনিংস সূচনায় পছন্দ করেছেন তানজিদ হাসান তামিমকে।
তানজিদ হাসান তামিমের এখনো জাতীয় দলে অভিষেক হয়নি। তবে সাম্প্রতিক এশিয়ান ইমার্জিং কাপে বেশ প্রতিশ্রুতিশীল ব্যাটিং করেছেন তিনি। চার ম্যাচের মধ্যে তিনটিতেই পান ফিফটি। ব্যাটিংও করেন সিনিয়র তামিমের মতো বাঁ হাতে। আর ব্যাটিংয়ে আগ্রাসন তো আছেই। সবমিলিয়ে জুনিয়র তামিমকেই ওপেনিংয়ের জন্য পছন্দ করেছেন সুজন।
তানজিদের খেলার সম্ভাবনা প্রসঙ্গে সুজন বলেন, ‘অবশ্যই আছে। আমি মনে করি তামিম হয়তো প্রথম পছন্দ হতে পারে লিটন দাসের সঙ্গে। আমি জানি না, হয়তো নাঈমও থাকতে পারে। আমি মনে করি না, বাংলাদেশ দুইটা ম্যাচেই থেমে যাবে। সেকেন্ড রাউন্ড (সুপার ফোর) খেলার যথেষ্ট সম্ভাবনা আছে। আমি মনে করি বাংলাদেশ খেলবে। সেরকম খেললে তো সুযোগ থাকবেই।’
ইমার্জিং এশিয়া কাপে তানজিদ প্রায় ৪৫ গড়ে করেছিলেন ১৭৯ রান। যেখানে তার স্ট্রাইক রেট ১১৬.৯৯। আর ঢাকা প্রিমিয়ার লিগে ১১ ইনিংসে ৯৩.৩০ স্ট্রাইকরেটে করেন ৪৭৪ রান। এছাড়া বয়সভিত্তিক ওয়ানডেতে একশ’র ওপর স্ট্রাইকরেটে করেছেন হাজারের ওপর রান।










































