Home খেলাধুলা ২২ বছর পর জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলবে ইংল্যান্ড

২২ বছর পর জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলবে ইংল্যান্ড

77

স্পোর্টস ডেস্ক।।

সর্বশেষ ২০০৩ সালে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলেছিল ইংল্যান্ড। সেই ম্যাচে অভিষেক হয়েছিল ইংল্যান্ডের শীর্ষ টেস্ট উইকেটশিকারী জেমস অ্যান্ডারসনের। এরপর বিগত ২২ বছরে রাজনৈতিক কারণে দুই দল দীর্ঘ সংস্করণে মুখোমুখি হয়নি। নতুন করে খুলল বন্ধ সেই দরজা।

২০২৫ সালে ইংল্যান্ডের আমন্ত্রণে ১টি টেস্ট খেলতে যাবে জিম্বাবুয়ে। টেস্ট ম্যাচটি হবে চারদিনের। ওই বছরের ২৮ থেকে ৩১ মে পর্যন্ত ম্যাচের সময় নির্ধারণ করা হয়েছে। ম্যাচের ভেন্যু পরে জানানো হবে।

ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রধান নির্বাহী রিচার্ড গোল্ড বলেন, ‘জিম্বাবুয়ে পুরুষ দলকে দুই দশক পর খেলার আমন্ত্রণ জানাতে পেরে আমরা খুবই আনন্দিত। জিম্বাবুয়ের দারুণ একটি ক্রিকেট ইতিহাস আছে এবং বিশ্বসেরা সব খেলোয়াড় দলটিতে খেলেছেন। যারা ক্রিকেটকে মহিমান্বিত করেছেন।

জিম্বাবুয়ের বিপক্ষে এখনো পর্যন্ত ২ ম্যাচের তিনটি টেস্ট সিরিজ খেলেছে ইংল্যান্ড। এর মধ্যে ১৯৯৬ সালে সিরিজটি ড্র হয়। তবে, ২০০০ ও ২০০৩ সালের সিরিজে জয় তুলে নেয় ইংল্যান্ড।

২০০৩ সালের বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে যায়নি ইংল্যান্ড। তার দুই বছর পর সরকারের পরামর্শে দেশটির সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি স্থগিত করে ইংল্যান্ড বোর্ড। তবে বিগত কয়েক বছর ধরে দুদেশের সম্পর্কের উন্নতি হয়েছে।