Home জাতীয় আবার ভোটের মাঠ ফাঁকা করা হচ্ছে: রিজভী

আবার ভোটের মাঠ ফাঁকা করা হচ্ছে: রিজভী

69

ঢাকা অফিস।।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ২০১৮ সালের নির্বাচনের আগে নিশিরাতের সরকার যেভাবে নির্বাচনী মাঠ শূন্য করার কৌশল গ্রহণ করেছিল, বর্তমানে তার পুনরাবৃত্তি দেখা যাচ্ছে। বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অদৃশ্য করা, গায়েবি মামলা দেওয়া, গণহারে গ্রেপ্তার, বাসায়

বাসায় অভিযান এবং বিচারাধীন মামলায় জেলগেট থেকে বারবার গ্রেপ্তারের খেলায় মেতেছে সরকার।

গতকাল মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন রিজভী এসব অভিযোগ করেন। তিনি বলেন, চিকিৎসার সুযোগ পাওয়া প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার। অথচ বর্তমান সরকারের আমলে কারাগারে সবচেয়ে বেশি বিরোধী দলের নেতাকর্মী বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করেছে। দীর্ঘ সাড়ে পাঁচ বছর ধরে খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে আটক করে রাখা হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য বাইরে যেতে দেওয়া হচ্ছে না।

রিজভী বলেন, ‘সম্প্রতি একজন নির্বাচন কমিশনার বলেছেন, তারা সংবিধানের বাইরে যাবেন না। তা যাবেন কেন? শেখ হাসিনা আপনাদের একেবারে আওয়ামী চেতনার সালফিউরিক অ্যাসিডের মধ্যে চুবিয়ে তুলে নিয়ে এসেছেন। আপনাদের দেহ-মন সব যে আওয়ামী চেতনায় জারিত- সেটা তো বলার অপেক্ষা রাখে না। প্রধানমন্ত্রীর কথা, আওয়ামী নেতাদের বক্তব্যের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার, কমিশনারদের কোনো ধরনের বৈপরীত্য হবে, এটা ভাবার কোনো কারণ নেই।’

রিজভী বলেন, ‘এই নির্বাচন কমিশন এমনই বিশ্বস্ত দাস যে, তারা স্বায়ত্তশাসিত সাংবিধানিক প্রতিষ্ঠান হলেও স্বায়ত্তশাসনে নিজেদের ক্ষমতা নিজেরাই হ্রাস করার জন্য সুপারিশ করেছেন এবং সেই ক্ষমতা শেখ হাসিনার পদতলে অর্পণ করেছেন। অর্থাৎ তারা সুপারিশ করে পাঠিয়েছেন, সেটা অবৈধ পার্লামেন্ট পাস করেছে। বর্তমান নির্বাচন কমিশন সংবিধানের কথা বলেন শেখ হাসিনাকে সন্তুষ্ট করার জন্য। আসলে তারা শেখ হাসিনার নির্দেশে বেআইনি কার্যকলাপের কাজ চালিয়ে যাচ্ছেন। কয়েকদিন আগে তারা বেআইনিভাবে অজ্ঞাত দুটি রাজনৈতিক দলকে নিবন্ধন দিয়েছে, যাদের কোনো কার্যালয় নেই, দেশজুড়ে তাদের কোনো সংগঠন নেই। এটা দিয়েছে সরকারের নির্দেশেই।’

নির্বাচন কমিশনের কাছে প্রশ্ন রেখে রিজভী বলেন, ‘আপনাদের সংবিধান যে কোথা থেকে নাজিল হয়, তা জনগণ জানে। সুতরাং সরকারের গানের সুরেই যে তাল দেবে নির্বাচন কমিশন, এটা স্বাভাবিক।’

সংবাদ সম্মেলনে চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, মোস্তাক মিয়া, কেন্দ্রীয় নেতা রাকিবুল ইসলাম বকুল, কামরুজ্জামান রতন, মীর সরাফত আলী সপু, আসাদুল করিম শাহিন, নাসির উদ্দিন অসীম ও আবদুল কাদির ভুঁইয়া জুয়েল উপস্থিত ছিলেন।