স্টাফ রিপোর্টার।।
খুলনায় ডিমের দোকোনে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার (১২ আগস্ট) দুপুর পর্যন্ত কয়েকটি দোকানে এ অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন অভিযোগে তিন ডিমের দোকানি ও অস্বাস্থ্যকর পরিবেশে বেকারির খাবার প্রস্তুত করার অপরাধে ২৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্র জানায়, সকাল থেকে খুলনা বিভাগীয় ও জেলা কার্যালয় সমন্বিতভাবে মহানগরীর নিউমার্কেট, গল্লামারী বাজার ও কৈয়া বাজারে অভিযান চালায়। এ সময় ডিমের মূল্য তালিকা সংরক্ষণ না করার দায়ে গল্লামারীর মফিজের ডিমের দোকানে ১ হাজার, ক্রয় রশিদ দেখাতে না পারার দায়ে পাঁপড়ি ডিম ঘরকে ২ হাজার, মূল্য তালিকা সংরক্ষণ না করার দায়ে কৈয়া বাজারের বিসমিল্লাহ পোল্ট্রিকে ৫ হাজার টাকা এবং নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি খাবার তৈরি এবং নন ফুড গ্রেড রং ব্যবহার করার দায়ে অনিক ফুড প্রোডাক্টকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ইব্রাহীম হোসেন বলেন, ডিমের দাম অতিরিক্ত মূল্য নেওয়া এবং মূল্য তালিকা না থাকার অপরাধে দুটি দোকান ও এক খামারিকে জরিমানা করা হয়েছে। এছাড়া অপরিচ্ছন্ন পরিবেশ থাকায় বেকারীকে জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, খুলনায় সবচেয়ে বড় ও লাল ডিম ১৩ টাকা করে পিস বিক্রি হচ্ছে। এছাড়া আকারভেদে ছোট ডিম কমমূল্যে বিক্রি হচ্ছে।
অভিযানেকালে উপস্থিত ছিলেন খুলনা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মো. ইব্রাহীম হোসেন, সহকারী পরিচালক মো. ওয়ালিদ বিন হাবিব, কৃষি বিপণন কর্মকর্তা শাহরিয়ার আকুঞ্জী ও ক্যাব সদস্য জেড. এন. সুমন প্রমুখ।










































