স্টাফ রিপোর্টার।।
খুলনা জেনারেল হাসপাতাল ২৫০ শয্যার হলেও রোগীদের জুটছে শ’খানেক। সংস্কারকাজের জন্য অন্য শয্যাগুলো স্থগিত থাকায় সেবাপ্রত্যাশীদের ফিরে যেতে হচ্ছে অন্যত্র। এ সংকট সমাধানে আটতলাবিশিষ্ট একটি নতুন ভবন নির্মাণ করা হচ্ছে। সাত বছরে এ কাজের অগ্রগতি ৬৫ শতাংশের বেশি নয়। এক দফায় বেড়েছে প্রকল্পের মেয়াদ, সঙ্গে ব্যয় বেড়েছে সাড়ে ২৬ কোটি টাকা। তবে আট বছরেও ভবনটি তৈরি করা সম্ভব হবে কিনা, তা নিয়ে প্রশ্ন তুলছে হাসপাতাল কর্তৃপক্ষসহ সচেতন মহল। অথচ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালসহ নগরীর অন্যান্য স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে রোগীদের ঠাঁই নেই ঠাঁই নেই অবস্থা।
গণপূর্ত বিভাগ-১ কার্যালয় সূত্রে জানা গেছে, ১২ তলা ফাউন্ডেশনের ওপর ছয়তলা হাসপাতাল ভবন নির্মাণ প্রকল্পের মেয়াদ ধরা হয় ২০১৭ সালের জানুয়ারি থেকে ২০২২ সালের জুন পর্যন্ত। ঠিকাদারি কাজ পায় বঙ্গ বিল্ডার্স অ্যান্ড মোজাহার এন্টারপ্রাইজ (জেভি)। প্রকল্পের কার্যাদেশ দেওয়া হয় ২০১৮ সালের ২৬ আগস্ট। প্রকল্পের ব্যয় ধরা হয় ৪০ কোটি টাকা। কাজ চলাকালে ২০২১ সালের ১ মার্চ প্রকল্পের সংশোধিত ব্যয় বেড়ে দাঁড়ায় ৬৬ কোটি ৪০ লাখ টাকায়, অর্থাৎ ব্যয় বাড়ে ২৬ কোটি ৪০ লাখ টাকা। প্রকল্পে দুটি নতুন তলা যুক্ত হয়।
সংস্থাটি জানায়, ২০২২ সালের জুন মাসে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু করোনা পরিস্থিতি ও কাজে ঠিকাদারের ধীরগতির কারণে নির্ধারিত সময়ে প্রকল্পের কাজ শেয় হয়নি। এ কারণে প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে ২০২৪ সালের জুন পর্যন্ত। এর মধ্যেই আটতলা ওই ভবন তৈরির কাজ শেষ করতে হবে।
প্রকল্পের আওতায় নির্মাণ করা ১৬ হাজার বর্গফুটের এ ভবনে থাকবে গাড়ি পার্কিংয়ের জায়গা, স্টোর, ক্যাজুয়ালটি ওয়ার্ড, জরুরি অস্ত্রোপচার কক্ষ, নার্সিংরুম, বহির্বিভাগ, রেডিওলজি বিভাগ, সার্জারি ওয়ার্ড, আইসিইউ, গাইনি ও শিশু ওয়ার্ড। সংশোধিত প্রকল্প প্রস্তাবনায় আছে ষষ্ঠতলার ওপরে সপ্তম ও অষ্টম তলা পর্যন্ত ঊর্ধ্বমুখী সম্প্রসারণ, সীমানাপ্রাচীর, সড়ক নির্মাণ, গভীর নলকূপ স্থাপন, মেডিকেল গ্যাস পাইপলাইন বসানো, সাব-স্টেশন ভবন নির্মাণ প্রভৃতি।
সরেজমিন ঘুরে ও প্রকল্প-সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, ছয়তলা পর্যন্ত ছাদ নির্মাণ হয়েছে। সব দেয়াল পলেস্তারা করা, টাইলস বসানো ও জানালা-দরজা লাগানো; ওয়াশরুম তৈরি ও ফিটিংস লাগানো; বৈদ্যুতিক কাজ, সীমানাপ্রাচীর তৈরির কাজ শেষ হয়নি। চারটি লিফট স্থাপন, সড়ক নির্মাণ, সাব-স্টেশনের ভবন তৈরি, সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট স্থাপন, মেডিকেল গ্যাস পাইপলাইন বসানোসহ আরও অনেক কাজ বাকি আছে। এ ছাড়া সপ্তম ও অষ্টম তলার নির্মাণকাজ এখনও শুরুই হয়নি।
প্রকল্পের আওতায় ২ হাজার ৯২৫ বর্গফুট জায়গায় ছয়তলাবিশিষ্ট আলাদা সার্ভিস বিল্ডিং নির্মাণের কথা আছে। সেই ভবন নির্মাণের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়েছে গত ১৪ মে। এতে নির্ধারিত সময়ে সব কাজ শেষ হওয়ার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. এস এম মুরাদ হোসেন জানান, হাসপাতালটি ২৫০ শয্যার। কিন্তু এখন দুটি ভবনে শয্যা আছে ১১৫টি। প্রতিদিন গড়ে শখানেক রোগী ভর্তি থাকে। তবে মাঝেমধ্যে সেবাপ্রত্যাশী বেড়ে গেলে উপায়ান্তর না পেয়ে অন্যত্র পাঠিয়ে দেওয়া হয়। স্থান সংকটের কারণে চিকিৎসকদের বসার জায়গাও নেই। এ ছাড়া কয়েকটি ওয়ার্ড চালু করা যাচ্ছে না।
খুলনার বিদায়ী সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ বলেন, প্রকল্প-সংশ্লিষ্ট সবাইকে দ্রুত কাজ শেষ করতে দফায় দফায় তাগিদ দেওয়া হয়েছে। তারা বলছে, এই শেষ করছি, করব। রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার জন্য দ্রুত ভবনটির কাজ সম্পন্ন করার বিকল্প নেই।
কাজের অগ্রগতি নিয়ে খুলনা গণপূর্ত বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলী অমিত কুমার বিশ্বাস দাবি করেন, করোনায় কার্যক্রম বন্ধ থাকা ও ধীরগতির কারণে কাজ শেষ করতে দেরি হচ্ছে। তবে গতি কিছুটা বেড়েছে। এরই মধ্যে ৭৭ শতাংশ কাজ শেষ হয়েছে। আশা করছি, নির্ধারিত সময়ের আগেই প্রকল্পটি শেষ করা যাবে।











































