Home আঞ্চলিক হাত-পায়ের রগ কেটে মাদক ব্যবসায়ীকে হত্যা, আটক ৩

হাত-পায়ের রগ কেটে মাদক ব্যবসায়ীকে হত্যা, আটক ৩

110

স্টাফ রিপোর্টার।।
খুলনা নগরীর লবণচরা থানার সবুজপল্লী এলাকায় কুপিয়ে ও হাত-পায়ের রগ কেটে সোহাগ পাটোয়ারী নামের এক মাদক ব্যবসায়ীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত সোহাগ খুলনা সদর থানার ৪ নং কাশেম সড়কের আব্দুল মালেক পাটোয়ারির ছেলে।

লবণচরা থানার ওসি মো. এনামুল হক জানান, সোহাগ গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে মোটর সাইকেলযোগে বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে সবুজ পল্লী প্রধান সড়কে তার পূর্ব পরিচিত ৪ জন তার গতিরোধ করে তাকে পাশ্ববর্তী বাগানের মধ্যে নিয়ে যায়। এরপর চাপাতি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে এবং হাত-পায়ের রগ কেটে তারা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ইজিবাইকে করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খুলনা মেট্রোপলিটন পুলিশের নবাগত কমিশনার মো. মোজাম্মেল হক মঙ্গলবার বিকালে প্রেস ব্রিফিংয়ে জানান, মাদক ব্যবসা নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে সোহাগকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তার ছোট ভাই সোহেল পাটোয়ারি বাদী হয়ে ৪ জনকে আসামি করে লবণচরা থানায় মামলা করেছে। মামলা দায়েরের পর এজাহারভুক্ত আসামি মো. মালেক, মো. সোহাগ ও মো. হাসিবকে আটক করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে বুধবার আদালতে পাঠানো হবে।

তিনি জানান, আটক মালেকের বিরুদ্ধে আগের ২টি, সোহাগের বিরুদ্ধে ২টি ও হাসিবের বিরুদ্ধে একটি মামলা রয়েছে। এছাড়া নিহত সোহাগের বিরুদ্ধে চুরি ও মাদকদ্রব্য আইনে দুটি মামলা রয়েছে। এ মামলার এজাহারভুক্ত আরেক আসামি কলিম পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে। কলিমের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে ৭টি মামলা রয়েছে, এর মধ্যে একটি মামলা তার সাজাও হয়েছে।