কুষ্টিয়া প্রতিনিধি।।
কুষ্টিয়া শহরের কলেজ মোড়ে রিপন সিড স্টোরের মালিক আবু মনি জুবায়েদ রিপন। তিনি বিএডিসি সার ও বীজ অ্যাসোসিয়শেনর সাধারণ সম্পাদক। তাঁর তিনটি গোডাউনে প্রায় ৭০ টন বীজ অবিক্রীত অবস্থায় আছে। এগুলো আর বীজ হিসেবে বিক্রি করা সম্ভব হবে না বলে জানান তিনি। খাদ্যপণ্য হিসেবে বিক্রি করতে হতে পারে। এতে তাঁকে অনেক টাকা লোকসান গুনতে হবে।
একই মার্কেটের সাগর সিড স্টোরের মালিকের ঘরে পড়ে আছে দুই টন আমন বীজ। মালিক জেএম সাঈদী সাগর জানান, খাদ্য হিসেবে বিক্রি করলে সাড়ে ৬ লাখ টাকার মতো আসবে। তাতে লোকসান হবে ৬ লাখ টাকার বেশি। এবার আমন বীজ বিক্রি না হওয়ার জন্য বিভিন্ন কোম্পানির হাইব্রিড বীজ আমদানিকে বড় কারণ বলে উল্লেখ করেন তিনি।
সংশ্লিষ্টরা বলছেন, কৃষকদের মধ্যে হাইব্রিড বীজের চাহিদা বেশি। আবার বৃষ্টিপাত না হওয়ায় বাড়তি সেচ খরচের কারণে অনেকে আমন আবাদ থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। ফলে কুষ্টিয়াসহ আশপাশের তিন জেলায় আমন বীজ অবিক্রীত অবস্থায় আছে। রোপণের সময় পার হওয়ায় বীজ আর বিক্রি হবে না বলে মনে করছেন বিএডিসির কর্মকর্তা, বীজ ব্যবসায়ী ও কৃষকরা। দেশি বীজের বাজার পরিকল্পিতভাবে ধ্বংসেরও অভিযোগ উঠেছে।
জানা গেছে, গত বছর বিএডিসির বীজ অবিক্রীত থাকেনি। এবার অন্তত ৮০০ টন অবিক্রীত আছে। কুষ্টিয়ার চৌড়হাসে বিএডিসির বড় গুদাম রয়েছে। এ জেলাসহ মেহেরপুর ও চুয়াডাঙ্গার বীজ এখান থেকে সরবরাহ করা হয়। বিএডিসির এ গুদামেও ৩০০ টন আমন বীজ পড়ে আছে। যদিও কৃষি বিভাগ বলছে, বীজ বিক্রি না হলেও আমন আবাদে প্রভাব পড়বে না। কৃষকদের ঘরেই বীজ আছে।
বিএডিসির উপপরিচালক (বীজ) আবদুর রহমান বলেন, তিন জেলায় এবার বীজ বিক্রি হয়েছে। গুদামে থাকা বীজ বিক্রি হওয়ার সম্ভাবনা কম। বিক্রি বাড়াতে হাইব্রিড বীজের চাহিদার বিষয়টি জানানো হয়েছে। বীজ অবিক্রীত থাকলে খাদ্য হিসেবে বিক্রি করলে সরকারের লোকসান হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত বছর তিন জেলায় বীজ বরাদ্দ ছিল ১ হাজার ১০০ টনের সামান্য বেশি। সবই বিক্রি হয়ে যায়। কুষ্টিয়ায় এবার আমন ধান রোপণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮৮ হাজার ৯১৯ হেক্টর। এর বড় অংশ জমিতেই হাইব্রিড ধান আবাদ হবে। চলতি বছর তিন জেলায় বীজ বরাদ্দ ছিল ১ হাজার ২৫৬ টন বীজ। বিক্রি হয়েছে ৪৫০ টনের মতো।
কলেজ মোড়ের সাগর সিড স্টোরের মালিক সাগর জানান, গত বছর তিনি হাইব্রিড বীজ বিক্রি করেছিলেন ৪ টনের মতো। এবার বিক্রি করেছেন প্রায় ২৫ টন। তাঁর মতো আরও কয়েকজন ব্যবসায়ী একই ধরনের তথ্য জানিয়েছেন।
ব্যবসায়ীরা বলেছেন, গুদাম ছাড়াও ব্যবসায়ীদের ঘরে বিপুল পরিমাণ বীজ রয়েছে। শুধু কুষ্টিয়ার ব্যবসায়ীদেরই অবিক্রীত আছে অন্তত ৩০০ টন। মেহেরপুর ও চুয়াডাঙ্গায়ও সমপরিমাণ বীজ পড়ে আছে বলে জানান ব্যবসায়ী সমিতির নেতা আবু মনি জুবায়েদ রিপন। মেহেরপুরের ব্যবসায়ী আরমান আলী বলেন, বৃষ্টিপাত না হওয়ায় পাট কাটতে পারছেন না কৃষক। এ কারণে আমন আবাদ করতে পারছেন না। হাইব্রিডও বড় কারণ। তাঁর ২৫ টন বীজ পড়ে আছে।
কিছু ব্যবসায়ীর অভিযোগ, হাইব্রিড বীজ দেশীয় বীজের ব্যবসা পরিকল্পিতভাবে ধ্বংস করছে। সরকারের উচ্চ পর্যায়ের লোকজন এসব জেনেও চুপচাপ বসে আছে। তারা বিএডিসিকে ধ্বংস করতে বেসরকারি ব্যবসায়ীদের সুযোগ দিচ্ছে। বীজ অবিক্রীত থাকায় সরকারের ব্যাপক আর্থিক ক্ষতি হবে। কৃষকরা হাইব্রিড বীজ সংরক্ষণ করলে বিক্রি আরও কমবে।
এ বিষয়ে কুষ্টিয়া খামারবাড়ির উপপরিচালক (ডিডি) ড. হায়াত মাহমুদ বলেন, কুষ্টিয়া অঞ্চলে নতুন জাতের উচ্চ ফলনশীল ব্রি ধান ৭১, ৮৭, ৮০ ও ৭৫ আবাদ বেড়েছে। আগের জাতের জীবনকাল বেশি ও ফলন কম হওয়ায় নতুন জাতে কৃষকরা ঝুঁকছেন।
এ কর্মকর্তা আরও বলেন, বৃষ্টিপাত কম হলেও তারা বসে নেই। আষাঢ়ে আমন আবাদ না করে শ্রাবণে রোপণের পরামর্শ দেওয়া হচ্ছে। পানির সংকট থাকলেও বিকল্প উপায়ে রোপণ করছেন। এসব কারনে উৎপাদনে তেমন প্রভাব পড়বে না বলেও মত তার।











































