মেহেরপুর প্রতিনিধি।।
পানির অভাবে পাট জাগ দিতে না পারায় বিপাকে পড়েছেন মেহেরপুরের চাষিরা। ভরা বর্ষা মৌসুমে বৃষ্টি না হওয়ায় খালবিল, পুকুর ও নদী পানিশূন্য হয়ে পড়েছে। এতে সেচের মাধ্যমে পাট জাগ দিতে হচ্ছে। জেলার প্রায় সর্বত্রই সেচের মাধ্যমে জাগ দেওয়া হচ্ছে বলে জানা গেছে। এ কারণে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় লোকসানের শঙ্কায় চাষিরা।
জানা গেছে, চলতি বছর মেহেরপুর জেলায় প্রায় ২১ হাজার ৭০০ হেক্টর জমিতে পাট চাষ হয়েছে, যা গত বছরের তুলনায় দেড় হাজার হেক্টর বেশি। সদর উপজেলার উত্তর শালিকা গ্রামের কৃষক শরিফুল ইসলাম। তিনি তিন বিঘা জমিতে পাট চাষ করেছেন। তিনি বলেন, অনাবৃষ্টির কারণে পাট জাগে সমস্যা হচ্ছে। সেচ দিয়ে পাট জাগ দিতে হচ্ছে। ডোবা বা পুকুরে পানি দিয়ে পাট জাগের ব্যবস্থা হলেও তা প্রয়োজনের তুলনায় খুবই কম। অন্যের জলাশয় বা ডোবায় প্রতি বিঘার পাট জাগ দিতে ১ হাজার ৫০০ থেকে ২ হাজার টাকা নিচ্ছে। ফলে অনেকেই পাট না কেটে জমিতে রেখে দিচ্ছেন। সদর উপজেলার যাদবপুর গ্রামের কৃষক খলিলুর রহমান দাবি করেন, সদ্য খনন হওয়া ভৈরব নদে এখন পানি আছে। প্রশাসন এখানে পাট জাগ দেওয়ার সুযোগ করে দিলে চাষিরা উপকৃত হতো।
এবার এক বিঘা জমিতে পাট চাষের খরচ ১৫ থেকে ১৬ হাজার টাকা বলে জানিয়েছেন গাংনী উপজেলার নওয়াপাড়া গ্রামের চাষি সোহরাব হোসেন। তিনি বলেন, বর্তমানে শুকনা পাট বিক্রি হচ্ছে ২ হাজার টাকা মণ। প্রতি বিঘা জমির পাট বিক্রি হচ্ছে ১৪ থেকে ১৬ হাজার টাকা। কোনো রকমে উৎপাদন খরচ উঠবে। যারা অন্যের জমি লিজ নিয়ে পাট চাষ করেছেন, তাদের প্রতি বিঘা জমিতে কমপক্ষে ১০ হাজার টাকা লোকসান হবে। জেলায় পাট ক্রয়কেন্দ্র না থাকায় বাধ্য হয়ে ব্যবসায়ীদের দামে পাট বিক্রি করতে হয়। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন চাষি।
মেহেরপুরের আড়তদার তোফাজ্জেল হোসেন বলেন, ‘গেল বছর ২ হাজার ৩০০ টাকা দরে দেড় হাজার মণ পাট কিনে রেখেছি। এখন পর্যন্ত সেই পাট বিক্রি করতে পারিনি। পুরোনো পাট বিক্রি করতে না পারায় নতুন পাট কিনতে পারছি না।’
পাট ব্যবসায়ী নাজিম উদ্দিন বলেন, গত বছরের পাট মণপ্রতি ২০০ টাকা লোকসানে বিক্রি করছেন। এ বছর ভালো পাট কিনছেন তিনি। পাটের দাম গত বছরের তুলনায় এ বছর অন্তত ৩০০ টাকা কম। উজুলপুর গ্রামের কপিল উদ্দিনের ভাষ্য, রিবন রেটিং পদ্ধতিতে খরচ বেশি হওয়ায় এ পদ্ধতিতে পাট পচাতে আগ্রহী নন চাষিরা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মেহেরপুরের উপসহকারী কৃষি কর্মকর্তা আশরাফুল ইসলাম বলেন, পাট জাগের সমস্যা সমাধান এবং পাটের প্রকৃত রং পাওয়ার জন্য রিবন রেটিং পদ্ধতি হতে পারে উত্তম। খরচ বেশি হওয়ায় এ পদ্ধতিতে কৃষক পাট জাগে আগ্রহী হচ্ছেন না।
জেলা পাট কর্মকর্তা শাহীন আলম বলেন, এ বছর পাট পণ্যের ব্যবহার বাড়াতে প্রশাসনের সহায়তা নেওয়া হবে। সেই সঙ্গে কৃষকরা যেন পাটের ন্যায্যমূল্য পান, সে বিষয়ে সরকারের দেওয়া নির্দেশনা শতভাগ বাস্তবায়নের চেষ্টা করবেন তিনি।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মেহেরপুরের উপপরিচালক শঙ্কর কুমার মজুমদার বলেন, বৃষ্টিপাত না হওয়ায় ভাড়া জলাশয়ে সেচ দিয়ে পাট জাগ দিতে হচ্ছে কৃষককে। এতে খরচও বেশি হচ্ছে। তবে গেল বছরের মতো এ বছরও চাষিরা যদি পাটের দাম পান, তাহলে আবার হাসবে কৃষক।
জেলা প্রশাসক শামীম হাসান বলেন, ভৈরব নদী খনন হওয়ায় মানুষ এখন সুফল পাচ্ছে। নদীতে পাট জাগ দেওয়ার সুযোগ দিলে নদীটি আবার নাব্য হারাবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে বলা হয়েছে বিকল্প পদ্ধতিতে পাট জাগের ব্যবস্থা করতে।











































