Home আঞ্চলিক তিন সন্তান নিয়ে জীবনসংগ্রাম

তিন সন্তান নিয়ে জীবনসংগ্রাম

56

 

যশোর প্রতিনিধি।।

এক যুগ আগে শিউলি বেগমকে যখন স্বামী তাড়িয়ে দেন, তখন তিনটি অল্পবয়সী সন্তানকে নিয়ে ঠাঁই নেন বাবার ভিটায়। সেই থেকে শুরু হয় তাঁর জীবনসংগ্রাম। নানা কাজ করতে করতে এখন ভ্যানে করে শাকসবজি বিক্রি করেন ৪৮ বছর বয়সী শিউলি। কাকডাকা ভোরে বের হন যশোরের নওয়াপাড়ার চলিশিয়া গ্রামের বাড়ি থেকে। কোনো দিন নওয়াপাড়া বাজার থেকে কেনেন শাকসবজি, কোনো দিন গ্রামের চাষিদের কাছ থেকে সংগ্রহ করেন। পরে নিজেই ভ্যানটি চালিয়ে বের হন। বিক্রির উদ্দেশে যেতে হয় গ্রামে গ্রামে।

শিউলি বলেন, দিনে কোনো দিন ১৫০ টাকা, কোনো দিন ৩০০ টাকা আয় হয় তাঁর। এ দিয়েই টেনেটুনে সংসার চালাচ্ছেন। বাবার ভিটায় তাঁর সঙ্গে থাকেন একমাত্র ছেলে রেজোয়ান হোসেন। ১৫ বছরের ছেলেটি পড়ছে বুইকরা বাঘাবাড়ি মাদ্রাসায়। দুই মেয়ে খাদিজাতুল কোবরা (১৮) ও চাঁদনী (১৭) পড়ে গুয়াখোলা গ্রামের আমেনা কওমি মাদ্রাসায়। সেখানকার ছাত্রাবাসেই থাকে তারা।
দ্বিতীয় বিয়ে করেছেন নওয়াপাড়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা স্বামী শরিফুল ইসলাম। এর পরই প্রথম স্ত্রী শিউলিকে সন্তানসহ তাড়িয়ে দেন তিনি। বিচারের আশায় বহু মানুষের দ্বারে ঘুরেছেন শিউলি। সমাধান না পেয়ে বাবার বাড়ির তিন শতক জমিতে ঠাঁই নেন। দরিদ্র তিন ভাইয়ের নিজেদেরই সংসার চলে টেনেটুনে। সামান্য সহায়তা করেন তারা। তবে নিজের লড়াইটা নিজের মতো করতেই কয়েক বছর ধরে সবজি বিক্রি শুরু করেন শিউলি। সেই থেকে তাঁর ছুটে চলা শুরু।

চলিশিয়া গ্রামের কয়েকজন বাসিন্দা বলেন, তারা শিউলির কাছ থেকে সবজি কেনেন। কখনও কষ্টের কথা শুনে সন্তানদের জন্য পুরোনো কাপড় হাতে ধরিয়ে দেন।

দীর্ঘ ১২ বছরে ছেলেমেয়েদের কখনও নতুন কাপড় কিনে দিতে পারেননি বলে জানান শিউলি। এ জন্য গ্রামবাসীর ওপর নির্ভর করতে হয়। তিনি বলেন, সবজি বিক্রি করতে গেলে ছেলেমেয়েদের কথা শুনে অনেকে পুরোনো কাপড় দেন। স্বামী পরিত্যক্ত হিসেবে ভাতার জন্যও জনপ্রতিনিধিদের কাছে গেছেন শিউলি। কোনো লাভ হয়নি।

শিউলি বলেন, ‘আমি গরিব মানুষ। সরকার গরিবের জন্য কত সাহায্য দেয়, কিন্তু আমরা কোনো সাহায্য পাই না। এর আগে নওয়াপাড়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের (স্বামীর বাড়ির এলাকা) ভোটার ছিলাম। তা বদলে চলিশিয়া ইউনিয়নের ভোটার হয়েছি।’ কিন্তু এখানে কোনো সরকারি সহায়তা পাননি তিনি।

চলিশিয়া ইউপির ৩ নম্বর ওয়ার্ডের সদস্য রবিউল ইসলাম বিশ্বাস বলেন, শিউলি বেগম তাঁর পরিবার নিয়ে দীর্ঘদিন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে বসবাস করেছেন। বর্তমানে তাঁর বাবার বাড়িতে থাকেন। তিনি শিউলির জীবনের লড়াইয়ের গল্প শুনেছেন। চেষ্টা করবেন তাঁকে সহযোগিতা করার।

চলিশিয়া ইউপি চেয়ারম্যান সানা আব্দুল মান্নান বলেন, সন্তানদের পড়াশোনার খরচ ও সংসার চালাতে ভ্যানে সবজি বিক্রি করেন শিউলি। তাঁর খুব কষ্টের জীবন। ইউনিয়ন পরিষদ ও তাঁর ব্যক্তিগত উদ্যোগে পরিবারটিকে সহায়তার আশ্বাস দেন।