Home আঞ্চলিক সারি সারি বনসাই ছড়াল মুগ্ধতা

সারি সারি বনসাই ছড়াল মুগ্ধতা

47

স্টাফ রিপোর্টার।।

সারি সারি বনসাই গাছ সাজানো। দেখতে এসেছেন অনেক মানুষ। তারা বনসাইয়ের ছবি তুলছেন, আপলোড করছেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। নানা প্রজাতির ২০০ বনসাই দেখে মুগ্ধ দর্শনার্থীরা।

গতকাল শুক্রবার সকালে খুলনা শিল্পকলা একাডেমি ভবনের দ্বিতীয় তলায় দেখা যায় এ দৃশ্য। এখানে চলছে তিন দিনব্যাপী বনসাই প্রদর্শনী। সবার কাছে বনসাই পরিচিত ও জনপ্রিয় করতে খুলনার চিকিৎসক দম্পতি অধ্যাপক আমির খসরু ও অধ্যাপক আফরোজা খানম করেছেন এ আয়োজন। বৃহস্পতিবার বিকেলে শুরু হওয়া এ প্রদর্শনী চলবে আজ শনিবার রাত ৮টা পর্যন্ত।

প্রদর্শনীতে স্থান পেয়েছে বিভিন্ন বনজ ও ফলদ গাছের বনসাই। রয়েছে সুন্দরবনের সুন্দরী, বিভিন্ন প্রকার বটগাছ, পেয়ারা, ডালিম, কমলালেবু, আম, জাম, কামরাঙা, চেরি, সফেদা, অর্জুন, শ্বেত চন্দন, শিমুলসহ বিভিন্ন প্রজাতির গাছের প্রায় ২০০ বনসাই। এর কোনোটির উচ্চতা এক ফুট, কোনোটি দেড়-দুই ফুট। বয়স তিন-চার বছর থেকে ২০-২৫ বছর।

প্রদর্শনীতে আসা দর্শনার্থী সুমাইয়া ইসলাম ও তুহিন শেখ বলেন, বনসাইয়ের এ রকম একক প্রদর্শনী খুলনায় প্রথম। একসঙ্গে এত বনসাই দেখে মুগ্ধ তারা। বনজের পাশাপাশি ফলদ বনসাইও রয়েছে এখানে। অনেকেই এগুলো দেখে উৎসাহী হবে, বনসাই করবে।

বনসাই তৈরির উদ্যোক্তা খুলনা মেডিকেল কলেজের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আমির খসরু বলেন, বেশ কয়েক বছর আগে এক বন্ধুর বাড়িতে প্রথম বনসাই দেখি। বনসাইয়ের সৌন্দর্য আমাকে মুগ্ধ করে। এরপর থেকে বাড়িতে বনসাই তৈরি শুরু করি। এখন পর্যন্ত প্রায় ৬০০ বনসাই তৈরি করেছি, যা সাধারণত এককভাবে কেউ করে না। এই প্রদর্শনীতে প্রায় ২০০ বনসাই নিয়ে এসেছি। এগুলো বৃক্ষপ্রেমী মানুষের দেখার জন্য আনা হয়েছে, বিক্রির জন্য নয়। তিনি বলেন, বনসাই তৈরিতে অনেক ধৈর্য প্রয়োজন। চিকিৎসা পেশার পাশাপাশি প্রতিদিন প্রায় ৬-৭ ঘণ্টা সময় দিয়েছি। ধৈর্য না থাকলে বনসাই তৈরি করা সম্ভব নয়।

ডা. খসরুর সহধর্মিণী গাইনি চিকিৎসক অধ্যাপক আফরোজা খানম বলেন, বন্ধুর তৈরি বনসাই দেখে আমরা খুব আপ্লুত হতাম। সুন্দর সুন্দর বনসাই দেখে এটার প্রতি আমির খসরুর ভালোবাসা তৈরি হয়। বনসাই তৈরিতে অনেক খরচ ও সময় লাগে। তিনি বলেন, বাসার ছাদবাগানে প্রায় ৬০০ বনসাই রয়েছে। করোনাকালে আমরা ঘরে আবদ্ধ থাকলেও বনসাইয়ের কারণে মনে হয়েছে প্রকৃতির খুব কাছাকাছি ছিলাম। বাসায় অনেকে আসে বনসাই দেখতে। বনসাই প্রদর্শনী করায় সাধারণ মানুষ দেখে আনন্দ পাচ্ছে, এতে আমরা খুশি। এখানে আসার পর কেউ কেউ বনসাই করবে– প্রত্যাশা করেন তিনি।