Home খেলাধুলা বিশ্বকাপে পাকিস্তানের ভাগ্যে কী ঘটতে যাচ্ছে, জানালেন গিবস

বিশ্বকাপে পাকিস্তানের ভাগ্যে কী ঘটতে যাচ্ছে, জানালেন গিবস

34

স্পোর্টস ডেস্ক।।

২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের আর বেশি দিন বাকি নেই। আগামী ৫ অক্টোবর উদ্বোধনী ম্যাচে ২০১৯ বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ড মুখোমুখি হবে। বিশ্বকাপে ১০ দলের অংশগ্রহণে খেলাটি হবে রাউন্ড রবিন লিগে। যেখানে প্রত্যেক দল একে অপরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। পাকিস্তান তাদের অভিযান শুরু করবে উদ্বোধনের পরের দিন, নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে।

এশিয়ার মাটিতে ম্যাচ, তাই এবারের বিশ্বকাপে ফেভারিট হিসেবেই খেলতে যাবে পাকিস্তান। তাছাড়া তাদের দলও বেশ ভারসাম্যপূর্ণ। দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক হার্শেল গিবসও সেটিই মনে করেন। তার মতে, কন্ডিশনের কারণে বিশ্বকাপে সেরা চারে জায়গা করে নেবে পাকিস্তান।

পাকিস্তানকে অধারাবাহিক বললেও একইসঙ্গে ভয়ঙ্কর বলেও উল্লেখ করেছেন গিবস। বলেন, ‘পাকিস্তান দলে সবসময়ই একজন ‘এক্স ফ্যাক্টর’ থাকে, যেটি তাদেরকে ভয়ঙ্কর করে তোলে।’

বাবর আজমকে অন্যতম সেরা ব্যাটার উল্লেখ করে তার ধারাবাহিকতা ও মাঠে তার আচরণের প্রশংসা করেন গিবস। সাবেক প্রোটিয়া এই ব্যাটসম্যানের ভাষ্য, ‘সে (বাবর) জানে কীভাবে রান করতে হয়। রানের জন্য সবসময়ই ক্ষুধার্ত থাকে সে। কত রান সে করেছে সেটি ব্যাপার না, সে কখনোই সন্তুষ্ট হয় না।’ পাকিস্তান অধিনায়ক তার স্ট্রাইকরেট কীভাবে আরও উন্নত করা যায় সেটিও জানে বলে উল্লেখ করেছেন গিবস।

 

এবারের আসরের সবচেয়ে হাইভোল্টেজ ভারত-পাকিস্তান ম্যাচ হওয়ার কথা ১৫ অক্টোবর, প্রায় ১ লক্ষ দর্শক ধারণক্ষমতাসম্পন্ন স্টেডিয়াম নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। এশিয়া কাপের জটিলতা চলাকালে এই স্টেডিয়ামে খেলার ব্যাপারে আপত্তি জানিয়েছিল পাকিস্তান। তবে ভারত হাইব্রিড মডেল মেনে নেওয়ায় স্টেডিয়ামটিতে খেলার ব্যাপারে আপত্তি তুলে নেয় পিসিবি।

পাকিস্তানের খেলা মোট পাঁচটি ভেন্যুতে। অক্টোবরের ৬ এবং ১২ তারিখে বাছাইপর্ব খেলে আসা দুইটি দল নেদারল্যান্ডস ও শ্রীলংকার বিপক্ষে হায়দ্রাবাদে খেলবে তারা। অক্টোবরের ২০ তারিখে ব্যাঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে, চেন্নাইয়ে ২৩ অক্টোবর আফগানিস্তান এবং ২৭ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, ৩১ তারিখ কলকাতায় বাংলাদেশের বিপক্ষে, ব্যাঙ্গালুরুতে নভেম্বরের ৫ তারিখে নিউজিল্যান্ডের বিপক্ষে এবং কলকাতায় ইংল্যান্ডের বিপক্ষে নভেম্বরের ১২ তারিখে খেলবে পাকিস্তান।