স্পোর্টস ডেস্ক।।
ঘরের মাটিতে প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৪ উইকেটের হার দেখে শ্রীলংকা। ২ ম্যাচের সিরিজ হার এড়াতে দ্বিতীয় ম্যাচে তাই জয়ের বিকল্প নেই শ্রীলংকার সামনে। তবে সেই যাত্রায় প্রথম দিনটি একেবারেই ভালো কাটেনি লংকানদের।
কলম্বোয় পাকিস্তানি বোলারদের তোপে পড়ে মাত্র ২ সেশনের মধ্যেই ১৬৬ রানে গুটিয়ে যায় শ্রীলংকা। প্রথম টেস্টের মতো দ্বিতীয়টিতেও লংকানদের নিঃসঙ্গ শেরপা হয়ে ব্যাটিং করেছেন ধনঞ্জয়া ডি সিলভা। দলের পক্ষে একমাত্র হাফ সেঞ্চুরিটি (৫৭) করেন তিনিই। দ্বিতীয় সর্বোচ্চ ৩৪ রান আসে দিনেশ চান্ডিমালের ব্যাট থেকে।
পাকিস্তানের হয়ে বোলিংয়ের শুরুতে ধ্বংসযজ্ঞ চালান পেসার নাসিম শাহ। টপ অর্ডারের তিন উইকেট তুলে নেন তিনি। তবে শেষের গল্প স্পিনার আবরার আহমেদের। শেষদিকে ৪ উইকেট নিয়ে লংকানদের ১৬৬ রানে অলআউট করতে সবচেয়ে বড় ভূমিকা রাখেন তিনি।
নিজেদের প্রথম ইনিংসে ব্যাটে নেমে ঝড় তোলে পাকিস্তান। দলীয় ১৩ রানের মাথায় ইমাম-উল-হকের উইকেট হারালেও ওভারপ্রতি ছয়ের বেশি করে রান তুলতে থাকে দলটি। দলীয় ১০০ রান পূর্ণ করে মাত্র ১৬ ওভার ৪ বলে। একুশ শতকে টেস্টের প্রথম ইনিংসে এত দ্রুত দলীয় শতক পূর্ণ করতে পারেনি দলটি।
ওপেনার আব্দুল্লাহ শফিক তার হাফ সেঞ্চুরি পূর্ণ করেন মাত্র ৪৯ বলে। আর অর্ধশতক পূর্ণ করতে ৪৪ বল ব্যয় করেন শান মাসুদ। এই দুজন তাদের শতরানের জুটি গড়েন মাত্র ১০৩ বলে।
প্রথম দিন শেষে ২ উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ ১৪৫ রান। ৭৪ রান নিয়ে অপরাজিত আছেন শফিক। আরে প্রান্তে ৮ রান নিয়ে অপরাজিত দলটির অধিনায়ক বাবর আজম।











































