স্পোর্টস ডেস্ক।।
এ বছর শ্রীলংকার ঘরোয়া টি-টোয়েন্টি লিগ লংকা প্রিমিয়িার লিগে ডাক পেয়েছেন পেসার তাসকিন আহমেদ। এবার ব্যাটার তাওহীদ হৃদয়ও টুর্নামেন্টটিতে খেলার প্রস্তাব পেয়েছেন।
আসরের গতবারের চ্যাম্পিয়ন জাফনা কিংসের হয়ে কয়েকটি ম্যাচ খেলার প্রস্তাব পেয়েছেন বলে দেশের একটি গণমাধ্যমকে জানিয়েছেন হৃদয়। সেখানে তিন-চারটি ম্যাচ খেলতে পারেন তিনি।
জাতীয় দলে অভিষেক হয়েছে খুব বেশি দিন হয়নি তাওহীদের। তবে এরই মধ্যে নিজেকে প্রমাণ করেছেন মিডল অর্ডার এই ব্যাটার। দলের কঠিন পরিস্থিতিতে জিতিয়েছেন ম্যাচ। ৯ ওয়ানডে খেলে তার রান ৩৩৮। একশ ছুঁইছুঁই স্ট্রাইকরেটে তার গড় প্রায় পঞ্চাশ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৮ ম্যাচ খেলে ১৩৮ রান করেছেন তিনি। স্ট্রাইকরেট ১৩৫.৬৫।
লংকান প্রিমিয়ার লিগে তাসকিন প্রস্তাব পেয়েছেন ডাম্বুলা অরার হয়ে খেলার। বিষয়টি ক্রিকেট বোর্ডকে জানিয়েছেন তাসকিন নিজেই। বর্তমানে জিম-আফ্রো টি-টেন টুর্নামেন্টে ব্যস্ত সময় পার করছেন এই পেসার।
আগামী ৩০ জুলাই শুরু হয়ে ২০ আগস্ট পর্যন্ত চলবে এলপিএল এর এবারের আসর। এ সময় বাংলাদেশ দলের কোনো খেলা নেই। যদিও এই সময়ে জাতীয় দলের বিশেষ ক্যাম্প চলবে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে। তবে ক্যাম্প চলাকালে তাসকিনকে শ্রীলংকার লিগে খেলার ছাড়পত্র দেয়া হবে কিনা তা এখনও অনিশ্চিত।











































