-মো: মেহেদী হাসান।।
জনাব রফিক ব্যাংক হতে টাকা উত্তোলন করতে গিয়ে দেখলেন তার অ্যাকাউন্টে যে টাকা থাকা দরকার তা নেই। অত্যন্ত আশ্চর্য হয়ে তিনি দৌড়ঝাপ শুরু করলেন, কিন্তু কিছুতেই তার হারানো টাকার হদিস করতে পারলেন না। অবশেষে অনেক ঘোরাঘুরি ও জিজ্ঞাসাবাদে জানা গেল রফিক সাহেবের ইন্টারনেট ব্যাংকিং একাউন্ট হ্যাক হয়ে গিয়েছিল এবং এর ফলে অসাধু হ্যাকাররা তার অ্যাকাউন্ট থেকে একটি বিপুল অংকের টাকা সরিয়ে ফেলেছে। জনাব রফিকের মত আজকাল প্রায়শই এ ধরনের ঘটনার সম্মুখীন হচ্ছে সাধারণ জনগণ। অনলাইনে ব্যক্তিগত তথ্য চুরি থেকে সাইবার বুলিং এর মত ঘটনা এখন নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাড়িয়েছে এবং এসবের ক্ষতিকর প্রভাব বর্তমান কিশোর-কিশোরি ও যুব সম্প্রদায়ের উপর পড়ছে। এমনকি মাঝে মাঝে সাইবার বুলিং এর ফলে অনেক কিশোর বা কিশোরী আত্মহনন এর পথ বেছে নিচ্ছে। সুতরাং এখন সময় এসেছে অনলাইনে নিজেদের তথ্য এবং গুরুত্বপূর্ণ বিষয়াদি কিভাবে সুরক্ষিত রাখা যায় তা জানা এবং সে অনুযায়ী ব্যবস্থা নেয়া । একটি কথা আমাদের সবসময় মনে রাখতে হবে, কিছু অসাধু হ্যাকার বা অনলাইন কর্মী সব সময় আপনার গুরুত্বপূর্ণ তথ্য বা অ্যাকাউন্ট সমূহ হ্যাক করা অথবা চুরি করার চেষ্টা করছে। সুতরাং এ তথ্যগুলো কিভাবে চুরি হচ্ছে এবং কিভাবে এগুলোকে সুরক্ষিত রাখা যায় সে সম্পর্কে আমাদের অবশ্যই ধারণা রাখা উচিত।
নানা কারণে আমাদের ব্যক্তিগত তথ্য চুরি হতে পারে যেমন, মোবাইল, ল্যাপটপ বা কম্পিউটার চুরি হয়ে গেলে চুরি যাওয়া এসব ডিভাইস থেকে আমাদের ব্যক্তিগত কিংবা আর্থিক তথ্যাদি চুরি হতে পারে; প্রতারকরা ইমেইল হ্যাকিংয়ের মাধ্যমে ব্যক্তিগত, ব্যাংকিং ও আর্থিক তথ্যাদি এবং ব্যাংক ও ক্রেডিট কার্ড সম্পর্কিত তথ্যাদি চুরি করতে পারে; বিভিন্ন অরক্ষিত ওয়েবসাইটে প্রদত্ত তথ্যাদি এবং পাবলিক ওয়াইফাই এ শেয়ার করা ব্যক্তিগত তথ্যাদি চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে; বিভিন্ন ইন্টারনেট তথ্য সংরক্ষণকারী প্রতিষ্ঠান রয়েছে যার বিভিন্ন তথ্যে অ্যাকসেস থাকে এবং এ সকল প্রতিষ্ঠানের অসাধু কর্মচারীর মাধ্যমেও তথ্য চুরি হতে পারে; বিভিন্ন থার্ড পার্টি সোর্স থেকে তথ্য কিনে নেওয়ার মাধ্যমেও সাইবার অপরাধীরা গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্যাদির নাগাল পেতে পারে। বিশ্বে এ পর্যন্ত যতগুলো ব্যাক্তিগত তথ্য চুরির ঘটনা ঘটেছে সেগুলো ব্যাক্তিগত দুর্বলতার পাশাপাশি প্রতিষ্ঠানগত দুর্বলতার কারণেও হয়েছে। উদাহরণস্বরুপ, ইন্টারনেট সার্ভিস কোম্পানি ‘ইয়াহু’ এর কথা বলা যেতে পারে। ২০১৭ সালে ইয়াহু ঘোষনা দেয় যে তাদের ৩ বিলিয়ন ইউজার এর ব্যাক্তিগত তথ্য হ্যাকার কর্তৃক চুরি হয়েছে, যা বিশ্বের বড় ব্যাক্তিগত তথ্য চুরিগুলোর অন্যতম।
তবে একটি কথা স্পষ্টভাবেই বলা যেতে পারে যে ব্যাক্তিগত একাউন্ট ও ডিভাইসের নিরাপত্তা বিধান করে আমরা অনেকাংশেই এ ধরনের বিপত্তি এড়িয়ে যেতে পারি। এক্ষেত্রে সবচেয়ে বেশি যেটি প্রয়োজন সেটি হল সচেতনতা। অনেকক্ষেত্রেই দেখা যায় আমাদের অনেকেরই অনলাইন স্বাক্ষরতা না থাকলেও ঝুকিপূর্ণভাবে বিভিন্ন অনলাইন সফটওয়্যার এবং বিশেষ করে বিভিন্ন অনলাইন সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকি যা অত্যন্ত ঝুকিপূর্ন। আবার আমরা অনেকেই আমাদের ব্যক্তিগত তথ্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে থাকি যা নিজেদেরই ক্ষতির কারণ হয়ে দাড়ায়। অনলাইনে ব্যক্তিগত তথ্য যেমন- ঠিকানা, ফোন নম্বর, পরিবারের সদস্যদের নাম, যে কোন পাসওয়ার্ড, কর্মস্থল, জন্ম তারিখ, স্কুলের নাম, পাসপোর্টের তথ্য, ড্রাইভিং লাইসেন্স নম্বর, বীমা পলিসি নম্বর, ক্রেডিট/ডেবিট কার্ড নম্বর, এবং ব্যাংক অ্যাকাউন্ট, গাড়ির তথ্য ইত্যাদির মতো সংবেদনশীল তথ্য শেয়ার করা ঝুঁকিপূর্ণ। এ তথ্যগুলি ব্যবহার করে অনলাইন অপরাধীরা নকল ক্রেডিট কার্ড, জাল পাসপোর্ট ইত্যাদি তৈরি করতে পারে; সামাজিক যোগাযোগ মাধ্যমে ভূয়া একাউন্ট খুলতে পারে; কোন অপরাধ সংঘটনের পর আলামত হিসাবে এ তথ্যগুলি ব্যবহার করতে পারে যাতে অন্য কেউ গ্রেপ্তার হয়। সুতরাং এক্ষেত্রে আমাদের কিছু করনীয় নিম্নরুপ হতে পারে, যেমন- সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করার সময় একটি শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা যা অনুমান করা কঠিন, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলিতে নিয়মিত ‘গোপনীয়তা সেটিংস’ পরীক্ষা করা, পরিচিত ছাড়া অন্য কারো দেয়া কোন লিঙ্কে প্রবেশ না করা ইত্যাদি। অনেক সময় অপরাধীরা বিভিন্ন অনিরাপদ ওয়েবসাইট বা এ্যাপ এর মাধ্যমে ব্যাক্তিগত তথ্য চুরি করতে পারে। এই ধরনের চুরি আজকাল খুব বেশি হচ্ছে। এজন্য আমরা যে ওয়েবসাইট বা এ্যাপস ব্যবহার করছি তা নিরাপদ কিনা যাচাই করে নিতে হবে।
সাধারনত অনিরাপদ ওয়েবসাইটগুলি কোন একটি সফটওয়্যার ডাউনলোড করতে বলতে পারে বা একটি ফাইল সংরক্ষণ করতে বা একটি প্রোগ্রাম চালাতে বলতে পারে। আবার অনিরাপদ ওয়েবসাইটে প্রবেশ করলে স্বয়ংক্রিয়ভাবে অপ্রত্যাশিত উইন্ডো (নতুন ওয়েব পেজ) চালু হতে পারে বা একটি ফাইল (pdf, .zip, .rar, বা .scr ফাইল) ডাউনলোড করতে বলতে পারে। অথবা অনেকসময় এরকম নির্দেশনা দিতে পারে- আপনার কম্পিউটার ম্যালওয়্যার দ্বারা সংক্রমিত হয়েছে বা আপনার ব্রাউজারটি পুরোনো এবং সংস্কার প্রয়োজন বা আপনি একটি প্রতিযোগিতা অথবা লটারি জিতেছেন ইত্যাদি। মনে রাখতে হবে অনিরাপদ ওয়েবসাইটের এ সকল নির্দেশনা অনুসরন করে কোনক্রমেই কোন সংবেদনশীল তথ্যাদি শেয়ার করা যাবে না; নতুবা আমরা হ্যাকার বা অনলাইন অপরাধীদের ফাঁদে পড়ে যাবো। এছাড়াও আমরা যে এ্যাপসগুলো ব্যবহার করি সেগুলো নিয়মিত মনিটর করতে হবে যেন আমাদের অজান্তে কোন থার্ড পার্টি সেগুলোতে সংযুক্ত না থাকে। আমাদের ওয়াই-ফাই নেটওয়ার্কটিকেও সুরক্ষিত রাখতে হবে, একাউন্টসমূহের পাসওয়ার্ড কিছু দিন পর পর পরিবর্তন করতে হবে। সম্ভব হলে একাউন্টসমূহে টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু করে রাখতে হবে। যতদূর সম্ভব পাবলিক ওয়াই-ফাই ব্যবহার পরিহার করতে হবে এবং কোন ডিভাইসে লগ-ইন করলে কাজ শেষে অবশ্যই তা থেকে লগ-আউট করতে হবে।
বর্তমান যুগে অনলাইন মাধ্যম ছাড়া আমাদের কাজ করা প্রায় অসম্ভব হয়ে দাড়িয়েছে। তবে আমাদের নিজেদের স্বার্থেই এ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অন্যথায় জনাব রফিকের মত পরিণতি আমাদেরও হতে পারে, যে কোন সময়।
-পিআইডি ফিচার/ লেখক: মো: মেহেদী হাসান, সিনিয়র তথ্য অফিসার, আঞ্চলিক তথ্য অফিস, খুলনা।











































