ঢাকা অফিস।।
ব্যবসায়ীদের নিরাপত্তায় পুলিশ তৎপর জানিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, গত ১৫ বছর ধরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। করোনাভাইরাসের সময় কিছুটা সমস্যা তৈরি হয়েছিল। ব্যবসায়ীদের কোথাও চাঁদা দিতে হয় না। তাদের আইনশৃঙ্খলাজনিত কোনো সমস্যা নেই। তারা নির্বিঘ্নে ব্যবসা করে যাচ্ছেন।
এই পরিস্থিতি ধরে রাখতে হলে পুলিশ ও ব্যবসায়ীদের সঙ্গে যে সুসম্পর্ক সেটি অব্যাহত থাকতে হবে বলে উল্লেখ করেন তিনি।
শনিবার দুপুরে রাজধানীর পল্টনে পলওয়েল মার্কেটে বাংলাদেশ দোকান মালিক সমিতির আয়োজনে মরিচের চারা বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গোলাম ফারুক এসব কথা বলেন।
ব্যবসায়ীদের উদ্দেশে ডিএমপি কমিশনার আরও বলেন, ব্যবসায়ীদের ওপর যেন কোনো ধরনের জুলুম না হয় সেটি আমাদের দেখার দায়িত্ব। সেটি আমরা অবশ্যই দেখব। আপনারা যদি দেখেন কোনো ধরনের জুলুম, চাঁদাবাজি বা ব্যবসায় ক্ষতির চেষ্টা করছে তাহলে পুলিশকে জানাবেন। আপনাদের পাশে থাকব। জাতীয় জরুরি সেবা ৯৯৯ আছে। এখানে জানালেও ৩ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে। মাস্তান বা সন্ত্রাসী কোন দল করে সেটি বিবেচনা করা হয় না। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।











































