Home আন্তর্জাতিক রাশিয়ার ওপর ফের নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

রাশিয়ার ওপর ফের নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

16

 

আন্তর্জাতিক ডেস্ক।।

রাশিয়ার ওপর নতুন করে আবার নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। গত বৃহস্পতিবার এই নিষেধাজ্ঞা ঘোষণা করেন মার্কিন অর্থ দপ্তরের উপমন্ত্রী ওয়ালি অ্যাডিইয়েমো। সর্বশেষ মার্কিন নিষেধাজ্ঞার আওতায় রাশিয়া, সংযুক্ত আরব আমিরাত ও কিরগিজস্তানের ১২০ ব্যক্তি ও প্রতিষ্ঠান রয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

নিষেধাজ্ঞার পর মার্কিন অর্থ দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, রাশিয়ার সামরিক সক্ষমতার লাগাম টানতে, রণক্ষেত্রে অস্ত্র ও গোলাবারুদের সরবরাহ রোধ করতে ও তাদের অর্থনৈতিক শক্তি নিয়ন্ত্রণের চেষ্টায় এটি অন্যতম পদক্ষেপ।

নিষেধাজ্ঞায় রয়েছে রাশিয়ার খনি, প্রযুক্তি ও গোলাবারুদ প্রতিষ্ঠান এবং বাণিজ্যিক ব্যাংককে লক্ষ্য করে। পাশাপাশি কিরগিজস্তানভিত্তিক একটি ইলেকট্রনিকস প্রতিষ্ঠান এবং এর মালিকদের নিষেধাজ্ঞায় রাখা হয়েছে। এই কোম্পানিটি রাশিয়ায় বিভিন্ন ইলেকট্রনিকস সামগ্রী ও প্রযুক্তি রপ্তানি করে আসছিল।

নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন রুশ প্রেসিডেন্টে ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ সহযোগী ও রুশ প্রযুক্তি কোম্পানি ইয়ানডেক্সের করপোরেট উন্নয়ন উপদেষ্টা আলেক্সি কুরদিন। ওয়াগনার বাহিনীর সঙ্গে সম্পর্ক থাকায় রুশ নাগরিক ভ্যালেরি চেকালোভ ও উত্তর কোরিয়ার নাগরিক ইয়ং হিউক রিমের ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

রাশিয়ার ওপর এটিই শেষ নিষেধাজ্ঞা নয় জানিয়ে গত বৃহস্পতিবার হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের বলেছেন, ‘যতদিন যুদ্ধ চলমান থাকবে, আমরা এই ধরনের পদক্ষেপ নেয়া অব্যাহত রাখব। এটিই শেষ নিষেধাজ্ঞা নয়। আগামী দিনগুলোতে আরও উপযুক্ত নিষেধাজ্ঞা আরোপের উপায় আমরা বিবেচনা করব।’

রাশিয়ায় ইলেকট্রনিকসের একাধিক চালান পাঠানো সংযুক্ত আরব আমিরাতভিত্তিক একটি প্রকৌশলী কোম্পানিকেও নিষেধাজ্ঞার আওতায় রেখেছে যুক্তরাষ্ট্র।

এ ব্যাপারে এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, ‘ইউক্রেনে রাশিয়া সর্বাত্মক হামলা শুরু করার পর থেকে যুক্তরাষ্ট্র নিজেদের মিত্র ও অংশীদারদের সঙ্গে কাজ করছে, রাশিয়ার ওপর নজিরবিহীন নিষেধাজ্ঞা জারি করেছে এবং অবৈধ যুদ্ধকে সমর্থনকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের জবাবদিহির পক্ষে প্রচার চালাচ্ছে। যতদিন প্রয়োজন হবে আমরা ইউক্রেনের পাশে থাকব।’

মে মাসে জাপানে যুক্তরাষ্ট্র ও শিল্পোন্নত সাতটি দেশের জোট জি-৭ যে নিষেধাজ্ঞার ধারা শুরু করেছে, সর্বশেষ এই নিষেধাজ্ঞা সেগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

এ ব্যাপারে হোয়াইট হাউস বলেছে, ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্যের মতো মিত্রদের সঙ্গে সমন্বিত নিষেধাজ্ঞা উদ্যোগের সঙ্গে এটি সামঞ্জস্যপূর্ণ।