স্টাফ রিপোর্টার।।
খুলনা বিভাগে বেড়েই চলছে ডেঙ্গুর প্রকোপ। প্রতিদিনই ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ছাড়িয়ে যাচ্ছে আগের দিনের রেকর্ড। বিশেষ করে খুলনা ও যশোর জেলায় আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগী। গত ২৪ ঘণ্টায় বিভাগের ১০ জেলায় নতুন করে ভর্তি হয়েছেন ৬৮ জন রোগী। চলতি বছরের এ পর্যন্ত অর্থাৎ গত প্রায় ছয় মাসে ৮৪০ রোগী চিকিৎসা নিয়েছেন।
চিকিৎসকরা বলছেন, কিছু কিছু রোগীর ক্ষেত্রে নতুন লক্ষণও দেখা যাচ্ছে। এ অবস্থায় সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধে অভিযান পরিচালিত হচ্ছে।
দুই সপ্তাহের বেশি সময় ধরে খুলনা বিভাগে দাপট দেখাচ্ছে ডেঙ্গু। প্রতিনিয়ত খুলনা বিভাগে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। প্রতিদিনই হাসপাতালে নতুন নতুন রোগী ভর্তি হচ্ছেন। বৃহস্পতিবার ১০ জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন ২২৮ জন রোগী। এর মধ্যে সবশেষ ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ৬৮ জন রোগী।
বিভাগের ১০ জেলার মধ্যে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে খুলনা ও যশোর জেলা। গত ২৪ ঘণ্টায় খুলনায় ১৭ জন, যশোরে ১০ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এছাড়া বাগেরহাটে আট জন, সাতক্ষীরা, ঝিনাইদহ, মাগুরা ও কুষ্টিয়ায় সাত জন করে রোগী ভর্তি হয়েছেন।
এর আগে রোগীদের অধিকাংশ ঢাকা থেকে আগত রোগী হলেও বর্তমানে খুলনা অঞ্চল থেকেও ডেঙ্গু আক্রান্ত রোগী বাড়ছে। বিভাগের বিভিন্ন জেলা থেকে রোগী আসছেন খুলনা মেডিকেল কলেজেও। রোগীর চাপে হাসপাতালে হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য আলাদা ওয়ার্ড খোলা হয়েছে। পাশাপাশি সাধারণ ওয়ার্ডেও ডেঙ্গু কর্নারে মশারি টাঙিয়ে চিকিৎসা নিচ্ছেন রোগীরা।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ তলায় ডেঙ্গু ইউনিটে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন নাসিমা খাতুন। তিনি জানান, ঢাকায় বোনের বাড়ি বেড়াতে গিয়েছিলেন, সেখানে থেকেই জ্বরে আক্রান্ত হন। পরে খুলনায় এসে ডাক্তার দেখালে ডেঙ্গু পরীক্ষা দেয়। পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়ে। চারদিন ধরে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
নগরীর খালিশপুর এলাকার বাসিন্দা শাহনুর বেগম বলেন, ছেলেকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য ঢাকায় নিয়ে গিয়েছিলাম, খুলনায় ফিরেই ছেলের জ্বর। পাঁচদিন ধরে হাসপাতালে ভর্তি আছি। ছেলের বয়সে এমন জ্বর আগে হয়নি। এখন অনেকটা সুস্থের পথে।
ডেঙ্গু রোগীর চাপে হাসপাতালে চিকিৎসকদের হিমশিম অবস্থা হলেও সব ধরনের প্রস্তুতির কথা জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। ডেঙ্গু রোগীদের নতুন কিছু লক্ষণ দেখা দেয়ায় নতুন ভেরিয়েন্ট হতে পারে বলে আশঙ্কা চিকিৎসকদের।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুহাস রঞ্জন হালদার বলেন, প্রতিদিনই রোগী বাড়ছে, তবে আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে। হাসপাতালে যথেষ্ট ওষুধ এবং অন্যান্য চিকিৎসা সরঞ্জামাদি রয়েছে। তবে গত বছরের তুলনায় এ বছর ডেঙ্গু রোগের কিছু ভিন্ন লক্ষণ দেখা দিয়েছে। আমাদের যেহেতু নিজস্ব ল্যাব নেই, তাই আমরা এটা নতুন কোন ভেরিয়েন্ট কি না বলতে পারবো না। তবে নতুন ভেরিয়েন্ট হতে পারে বলে আশঙ্কা করছি।
এদিকে ডেঙ্গু পরিস্থিতি খারাপ হওয়ায় খুলনা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ডেঙ্গুর প্রকোপ রোধে অভিযান পরিচালিত হয়। বৃহস্পতিবার বিকেলে খুলনার খালিশপুর ও মুজগুন্নি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে অপরিচ্ছনতার অভিযোগে জরিমানা করা হয়।
খুলনা সিটি কর্পোরেশনের নির্বাহী মেজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা বলেন, এখন যেহেতু ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, তাই আমরা নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করবো। একই সঙ্গে নাগরিকদের সচেতনও করে তুলছি।
চলতি বছরের এখনও পর্যন্ত খুলনা বিভাগের ১০ জেলায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৮৪০ জন। এর মধ্যে মারা গেছেন তিন জন।











































