নড়াইল প্রতিনিধি।।
নড়াইলের কালিয়া উপজেলার পেড়লি ইউনিয়নে আজাদ শেখ (৩৫) নামে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে বিএনপি-জামায়াতের হামলা বলে দাবি করেছেন স্থানীয় সংসদ সদস্য। তবে পুলিশ বলছে স্থানীয়ভাবে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২০ জুলাই) সন্ধ্যায় পেড়লির মহসিন মোড়ে পূর্বে থেকে ওঁত পেতে থাকা দুর্বৃত্তরা যুবলীগ কর্মী আজাদ শেখকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে বলে জানিয়েছেন পুলিশ সুপার মোসা. সাদিরা খাতুন।
স্থানীয়রা ও পুলিশ জানায়, সন্ধ্যায় পেড়লি বাজার থেকে আজাদ শেখ নামের ওই ব্যক্তি ভ্যানে করে বাড়ি ফিরছিলেন। পথে মহসিন মোড়ে পৌঁছালে আগ থেকে ওঁত পেতে থাকা কয়েকজন তার গতিরোধ করে। পরে তাকে ভ্যান থেকে নামিয়ে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে ফেলে রেখে যায়। পরে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসাপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি এ ঘটনাকে বিএনপি-জামায়াতের সন্ত্রাসী হামলাকে দাবি করেছেন। নিহত আজাদ শেখকে যুবলীগ কর্মী দাবি করে রাতে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি জানান, খুলনায় তারুণ্যের সমাবেশ থেকে ফেরার পথে তাকে বিএনপির সন্ত্রাসীরা হত্যা করেছে। তিনি এ ঘটনার বিচার দাবি করেন।
তবে জেলার পুলিশ সুপার সাদিরা খাতুন বলেন, স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে থাকতে পারে। দেশীয় অস্ত্র নিয়ে পূর্ব থেকে ওঁত পেতে থাকা কয়েকজন হামলা চালিয়ে আজাদ শেখকে হত্যা করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা আছে। দোষীদের আইনের আওতায় আনতে পুলিশ তৎপর রয়েছে বলে জানান তিনি।











































