কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি।।
কুষ্টিয়ার কুমারখালীতে কিস্তি তুলতে গিয়ে এক নারী এনজিওকর্মী (২৯) দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন।
বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার নন্দলালপুর ইউনিয়নের বুজরুক বাঁখই গ্রামে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা উদ্ধার করে রাত পৌনে ১১টার দিকে তাঁকে থানায় নিয়ে যায়।
ভুক্তভোগী কুমারখালীর একটি এনজিওর মাঠকর্মী। তিনি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে রাতেই থানায় ধর্ষণ মামলা করেন। রাত ৩টার দিকে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তাররা হলো– বজরুক বাঁখই গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে মো. রবিন (২১), আবু বক্কর সিদ্দিকীর ছেলে মো. মাসফিকুর (১৯) এবং দুর্গাপুর গ্রামের আব্দুল হান্নানের ছেলে মো. রাসেল (২০)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই নারী রাতে ভ্যানে চড়ে বজরুক বাঁখই গ্রামে কিস্তি তুলতে যাচ্ছিলেন। পথে কালু মোড়ক সেতু এলাকায় কয়েকজন তাঁর পথ অবরোধ করে। এ সময় চালককে ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দেয়। পরে এনজিওকর্মীকে পাট ক্ষেতে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায় তারা। এরপর ওই ভ্যানচালক স্থানীয়দের ডেকে নিয়ে আসেন। মেয়েটিকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে থানায় নিয়ে যান স্থানীয়রা।
ভ্যানচালক ফারুক বলেন, ১৫০ টাকা ভাড়া মিটিয়ে তিনি ওই মহিলাকে নিয়ে বজরুক বাঁখই যাচ্ছিলেন। পথে সেতু এলাকা থেকে ৫-৬ জন তাঁকে ভয় দেখিয়ে তাড়িয়ে দিয়ে নারীকে পাট ক্ষেতে নিয়ে যায়।
এ বিষয়ে ভুক্তভোগী জানান, তিনি ভ্যানে করে কিস্তির টাকা আনতে যাচ্ছিলেন। সে সময় ৫-৬ জন তাঁর পথ আটকে পাট ক্ষেতে নিয়ে ধর্ষণ করে। তিনি আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি চান।
তিনি বলেন, ‘আমি ভাবতেই পারিনি জীবনে এমন ঘটনা ঘটবে।’
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকিবুল ইসলাম বলেন, গ্রেপ্তার তিনজনকে বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
তিনি আরও বলেন, ‘আসামিরা জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করেছেন।’











































