স্পোর্টস ডেস্ক।।
ভারতের চলচ্চিত্র অঙ্গনের সঙ্গে ক্রিকেটের সম্পর্ক বেশ পুরনো। আর বলিউড বাদশাহ খ্যাত শাহরুখ খান তো বহু বছর ধরে ক্রিকেটের সঙ্গে জড়িয়ে আছেন। আইপিএলে তার মালিকানায় রয়েছে ক্লাব কলকাতা নাইট রাইডার্স। এবার আসছে ওয়ানডে বিশ্বকাপের রোমাঞ্চ বাড়াতে কিং খানকে সামনে আনল আইসিসি।
গতকাল বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি শেয়ার করে। যেখানে দেখা যায় শাহরুখ খান ওয়ানডে বিশ্বকাপ ট্রফির দিকে মনোযোগ দিয়ে তাকিয়ে আছেন। ক্যাপশনে লিখা, কিং খান #ক্রিকেটওয়ার্ল্ডকাপ২৩ ট্রফি, এটা খুবই নিকটে।
২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ আয়োজ করবে ভারত। আগামী ৫ অক্টোবর শুরু হয়ে আসরটি শেষ হবে ১৯ নভেম্বর। যেখানে ১০টি দল প্রতিযোগিতায় অংশ নেবে।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ খেলবে গত আসরের ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। আর আসরটি হবে লিগ পদ্ধতিতে। অর্থাৎ প্রতিটি দলই একে অপরের বিপক্ষে খেলবে।











































