স্পোর্টস ডেস্ক।।
আজ শুরু হচ্ছে ফিফা নারী ফুটবল বিশ্বকাফ। চলবে ২০ আগস্ট পর্যন্ত। নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় যৌথ আয়োজনে এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নিচ্ছে ৩২ দেশ। নারী ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে এবারের বিশ্বকাপকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। খবর রয়টার্সের।
উদ্বোধনী ম্যাচে আজ নরওয়ে–নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এই আসর। তবে এই আসরকে কেন্দ্র করে দারুণ এক উদ্যেগ নিয়েছে ব্রাজিল সরকার। বিশ্বকাপের ম্যাচ চলাকালীন অফিসের সময় সূচি পরিবর্তন করেছে ফুটবল পাগল দেশটি। তবে অস্ট্রেলিয়া–নিউজিল্যান্ড শুরু হতে যাওয়া বিশ্বকাপের সব ম্যাচের ক্ষেত্রে নয়। শুধু ব্রাজিলের ম্যাচের দিন। বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাজিলের ব্যবস্থাপনা মন্ত্রী ইসথের ডিউইক।
দেশটির সরকার সেলেকাওদের ম্যাচ শেষ হওয়ার ২ ঘণ্টা পর অফিস চালুর সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে ডিউইক বলেছেন, ‘যেদিন ম্যাচ স্থানীয় সময় সকাল ৭টা ৩০ মিনিটে শুরু হবে সেদিন অফিস শুরু বেলা ১১টায়। আর সকাল ৮টার ম্যাচের দিন অফিসের কার্যক্রম শুরু হবে বেলা ১২টায়।’
যদিও সরকারি কর্মচারীদের জন্য নির্বিঘ্নে খেলা দেখার ব্যবস্থা করা হলেও বেসরকারি কর্মচারীদের সে ব্যবস্থা নেই।
এখন পর্যন্ত হওয়া আট বিশ্বকাপে একবারই ফাইনালে ওঠার সুযোগ হয়েছিল ব্রাজিলের নারীদের। ২০০৭ চীন বিশ্বকাপে সেবার জার্মানির কাছে ২–০ গোলে হেরে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার আশা শেষ হয় তাদের। সর্বশেষ দুই বিশ্বকাপে তো দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিতে হয় তাদের।
আগামী ২৪ জুলাই শুরু হবে ব্রাজিলের মিশন। পানামার বিপক্ষে টুর্নামেন্ট শুরু করবে দলটি। এরপর ২৯ জুলাই দ্বিতীয় ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ ফ্রান্স। আর ‘এফ’ গ্রুপের শেষ ম্যাচে তারা মুখোমুখি হবে জ্যামাইকার বিপক্ষে, ২ আগস্ট।











































