স্পোর্টস ডেস্ক।।
চীনের টেনিস তারকা ঝাং সুয়াই কোর্টের পাশে খেলোয়াড়দের জন্য রাখা বেঞ্চে বসে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছেন। এই নারী তারকা এতটাই ভেঙে পড়েন যে, প্রথম গেম জেতার পরেও প্রতিপক্ষের আচরণে প্যানিক অ্যাটাকে ম্যাচ ছেড়ে দেন। যদিও তার প্রতিপক্ষ হাঙ্গেরির কিয়ারা টথ খুশিতে লাফিয়ে ওঠেন। কিন্তু তার উচ্ছ্বাস দেখে অবাক হয়ে গিয়েছে টেনিস বিশ্ব। খবর ডেইলি মেইলের।
ঝাং এবং টথ হাঙ্গেরিয়ান ওপেনে মুখোমুখি হয়েছিলেন। সেই ম্যাচে প্রথম গেমে এক সময় ৫-৫ চলছিল। সেই সময় একটি পয়েন্ট নিয়ে বিতর্ক তৈরি হয়। চেয়ার আম্পায়ার একটি বল কোর্টের বাইরে পড়েছে বলে নিজের সিদ্ধান্ত জানান। কিন্তু ঝাং নিশ্চিত ছিলেন যে, বলটি লাইনের উপর পড়েছে। ঝাং হতাশ হয়ে চিৎকার করে বলেন, ‘ঈশ্বর, আমার এক জন রেফারি দরকার।’
তবে আম্পায়ার এবং ঝাংয়ের মতপার্থক্য হলেও খেলা আবার শুরু হয়। পরের পয়েন্টটি ঝাং জিতে নেন। কিন্তু সেই সময় টথকে হাসতে দেখা যায়। ২০ বছরের তরুণের এমন ব্যবহার অনেকেই মেনে নিতে পারেননি। এর মধ্যে টথ আরও একটি কাণ্ড করেন। বল লাইনের ওপর পড়েছিল না পড়েনি বোঝার জন্য দেখতে হত বল কোন জায়গায় পড়েছে। কিন্তু টথ ইচ্ছাকৃত সেটা মুছে দেন। ঝাং আপত্তি করলেও শোনেননি। দু’বার ডবলস গ্র্যান্ড স্ল্যাম জেতা ঝাং প্রশ্ন করেন, ‘এটা তুমি কেন করলে?’ উত্তর টথ বলেন, ‘তুমি খুব সমস্যা তৈরি করছিলে, তাই মুছে দিয়েছি।’
পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ঝাং একটি ভিডিও পোস্ট করেন। সেখানে দেখা যাচ্ছে বলটি লাইনের ওপর পড়েছিল। সেই ভিডিও পোস্ট করে ঝাং লেখেন, ‘অনুশীলনের করা সব পরিশ্রম মাটি। কারণ আমরা অনুশীলন করি বলটা লাইনের কাছে ফেলার। কিন্তু এখানে লাইন ছুঁয়ে থাকলেও বাইরে মেরেছি বলা হয়। আমাকে যারা সমর্থন করেছেন, তাঁদের ধন্যবাদ।’
এই ঘটনার পর ঝাং গেমটি ৬-৫ ব্যবধানে জিতলেও ভেঙে পড়েন। বেঞ্চেতে বসে ফুঁপিয়ে কাঁদতে দেখা যায় তাকে। কোর্টের মধ্যে ফিজিওকে ডাকেন। কিছু ক্ষণ পর ম্যাচটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। ঝাং ম্যাচটি ছাড়তেই টথকে দেখা যায় হাত তুলে উচ্ছ্বাস প্রকাশ করতে। যা ভাল ভাবে নেননি সমর্থকরা।











































