কুষ্টিয়া প্রতিনিধি।।
পদ-পদবি নেই। এর পরও ২০১৮ সালের নির্বাচনে কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে চমক দেখান ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ। সংসদ সদস্য নির্বাচিত হলে তাঁকে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য করা হয়। এর পর থেকে কুমারখালী ও খোকসার রাজনীতিতে প্রভাব বাড়তে থাকে সেলিমের। প্রবীণ নেতারা হয়ে পড়েন কোণঠাসা। এর পর থেকে দুটি ধারায় চলে আসছে ক্ষমতাসীনদের রাজনীতি।
স্থানীয় নেতাকর্মীরা জানান, আগামী জাতীয় নির্বাচন ঘিরে গত সোমবার দু’পক্ষের এ বিভক্তি স্পষ্ট হয়েছে। খোকসার বিলবাজি বাজারে এমপিপন্থিদের বাদ দিয়ে ‘শান্তি সমাবেশ’ এর নামে বিশাল শোডাউন করে প্রতিপক্ষ। এতে দুই উপজেলা– কুমারখালী ও খোকসার প্রবীণ নেতারা এক মঞ্চে অবস্থান নেন। ছিলেন জেলার শীর্ষস্থানীয় নেতারাও। তাঁরা এমপির নেতিবাচক কর্মকাণ্ড তুলে ধরে সমালোচনা করেন।
সেলিম আলতাফের বাড়ি কুমারখালী। দলীয় সূত্র জানায়, গত নির্বাচনের পর থেকেই চাচা কুমারখালী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুজ্জামান অরুণকে নিয়ে আলাদা বলয় গড়ে তোলেন তিনি। তাদের সঙ্গে খোকসা উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতার ছাড়াও বড় একটি অংশ আছে। অন্যদিকে, এমপিবিরোধী অংশের নেতৃত্ব দিচ্ছেন কুমারখালী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান খান এবং খোকসা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারিকুল হক তারিক। জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, জেলা পরিষদের সাবেক প্রশাসক, দলের সিনিয়র সহসভাপতি জাহিদ হোসেন জাফরসহ প্রবীণ নেতারাও এ শিবিরে সক্রিয়। এমপির অনুসারীদের বিরুদ্ধে নানা সময়ে হামলা-মামলা ও নির্যাতনের অভিযোগ করে আসছেন আব্দুল মান্নান খান ও তারিকুল হক। এ অবস্থায় জাতীয় নির্বাচন সামনে রেখে নিজেদের অবস্থান জানান দিতে এক মঞ্চে অবস্থান নিয়ে কুমারখালী-খোকসার ২২ ইউনিয়নে শান্তি সমাবেশ করছেন তারা।
খোকসার শান্তি সমাবেশে কয়েক জনপ্রতিনিধি ও ইউনিয়ন নেতা এমপি সেলিম আলতাফের উদ্দেশে বলেন, আপনি নৌকার এমপি। অথচ চলাফেরা করেন বিএনপি-জামায়াতের লোকজন নিয়ে। থানায় বসে নিজ দলের ত্যাগী নেতাদের বিরুদ্ধে মামলা দেন। হামলা-মামলা করে দলকেই দুর্বল করে ফেলেছেন। আগামী নির্বাচনে সেলিমকে বাদ দিয়ে যোগ্য ও নিবেদিত নেতাকে মনোনয়ন দেওয়ার দাবি জানান তারা। সমাবেশের ঘটনায় ক্ষুব্ধ এমপি অনুসারীদের অভিযোগ, এমপিকে কোণঠাসা করলে আগামী নির্বাচনে নেতিবাচক প্রভাব পড়বে। এতে আখেরে আওয়ামী লীগেরই ক্ষতি। সরকারবিরোধীরা মওকা পাবে। কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও এমপির চাচা শামসুজ্জামান অরুণ বলেন, ‘আমাদের না জানিয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকের উপস্থিতিতে সমাবেশ হয়েছে। জেলার নেতাদের কাছে জবাব চাওয়া হবে। সন্তোষজনক জবাব না দিলে আগামীতে তারা যেখানে সমাবেশ ডাকবেন, আমরাও সেখানে কর্মসূচি দেব।’
জানতে চাইলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী বলেন, ‘ইউনিয়ন আওয়ামী লীগ সমাবেশ ডেকে মাইকিং করেছে। হাজার হাজার নেতাকর্মী যোগ দেন। যারা অভিযোগ করছেন, তাদের সমাবেশে এসেই দাওয়াত না দেওয়ার বিষয় বলা উচিত ছিল। তারা (এমপিপন্থি) এতদিন ভুলের মধ্যে আছেন। দল রক্ষা ও নৌকাকে বিজয়ী করার মিশনে আমরা ৬৬ ইউনিয়নে সমাবেশ করব। তারা না এলে একই ভুল করবেন।’











































