ঢাকা অফিস।।
আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের সাথে ঢাকা ১৭ উপনির্বাচনের সময় সহিংসতার বিরুদ্ধে বুধবার (১৯ জুলাই) এক যৌথ বিবৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র, ইইউ ও ইউরোপের ১০ দেশ। বিবৃতিটি যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশের ভেরিফায়েড ফেসবুক পেইজে প্রকাশিত হয়।
বিবৃতিতে সাক্ষরকারী দূতাবাসসমূহ হচ্ছে- কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নরওয়ে, সুইডেন, নেদারল্যান্ড, সুইজারল্যান্ড, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইইউ।
বিবৃতিতে তারা বলেছে, আমরা ১৭ জুলাই ঢাকা ১৭ আসনের প্রার্থী আশরাফুল আলমের (যিনি হিরো আলম নামে পরিচিত) উপর হামলার তীব্র নিন্দা জানাই। গণতান্ত্রিক প্রক্রিয়ায় সহিংসতার কোনো স্থান নেই। আমরা পূর্ণ তদন্ত ও জবাবদিহিতার দাবি জানাই। আসন্ন নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয় সেজন্য আমরা সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাই।
নিরাপত্তাহীনতায় হিরো আলম>>
আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর ও ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলম অভিযোগ করেছেন, কিছু লোক তাকে মারার জন্য খুঁজছে। নিরাপত্তা নিয়ে তিনি চিন্তিত।
বুধবার (১৯ জুলাই) দুপুরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবেন হিরো আলম।
তিনি বলেন, বুধবার (১৯ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে ৪টি মোটরসাইকেল নিয়ে ৮ থেকে ১০ জন আমার মহানগর প্রজেক্টের অফিসে এসে নিরাপত্তাকর্মীর সঙ্গে দুর্ব্যবহার করেছেন। নিরাপত্তাকর্মীকে তারা বলেছেন, হিরো আলমকে ডাক দে, সে কোথায় থেকে লাইভ করছে, ওকে ডাক দে, ওর খবর আছে।
বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন জানিয়ে হিরো আলম বলেন, আমি বর্তমানে আশকোনা এলাকায় হাসপাতালে ভর্তি আছি। আজ দুপুরে এখানে সাংবাদিকদের ডেকেছি। আমার নিরাপত্তা নিয়ে চিন্তিত। সেই বিষয় নিয়ে আমি সাংবাদিকদের সঙ্গে কথা বলতে চাই।











































