স্পোর্টস ডেস্ক।।
গত জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ টেস্ট খেলেছে পাকিস্তান। ঘরের মাঠে সেই টেস্ট ড্রয়ের পর ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে আরও তিনটি সিরিজ খেলেছে বাবর আজমরা। প্রায় ৭ মাস পর শ্রীলঙ্কা সফর দিয়ে ফের লাল বলের ক্রিকেটে নামছে পাকিস্তান। গল টেস্টের লড়াইয়ে নামার আগে ‘গ্রিন ক্যাপ’দের ক্যাপ্টেন বাবর আজমের আত্মবিশ্বাসী সুর। গল টেস্টের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত তারা। গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কা ও পাকিস্তানের মধ্যকার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু আজ সকাল ১০টায়। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে পাকিস্তান অধিনায়ক বাবর আজম বলেন, ‘লাল বলের ক্রিকেটে ফিরে আমরা সত্যিই রোমাঞ্চিত। আমাদের পুরো মনোযোগ গল টেস্টে।
আর চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রস্তুত রয়েছি আমরা।’ গত বছরের জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলেছিল পাকিস্তান। সেই সিরিজটি ১-১ ব্যবধানে ড্র হয়। এক বছর আগের সেই সফরে থাকা ১৩ জন ক্রিকেটার চলতি সিরিজে পাকিস্তান দলে রয়েছেন বলে জানিয়েছেন অধিনায়ক বাবর।
তিনি বলেন, ‘একটি ইতিবাচক দিক হলো, আমাদের স্কোয়াডে থাকা ১৩ জন ক্রিকেটার গত বছর শ্রীলঙ্কা সফর করেছিলেন।’ শ্রীলঙ্কা সফরে পাকিস্তানের টেস্ট দলে রয়েছেন তরুণ ক্রিকেটার আবরার আহমেদ। মাত্র ৪ টেস্টে ২৮ উইকেট শিকার করা এই লেগ স্পিনার দলে থাকায় সুবিধা হবে বলে জানিয়েছেন বাবর। তিনি বলেন, ‘আমাদের দুর্দান্ত সমন্বয়ের দলে আবরার আহমেদের সংযুক্তি দারুণ।
আমি নিশ্চিত যে, এই সফরটি তার জন্য অনেক শিক্ষামূলক হবে। ভবিষ্যতে তাকে নিয়ে আমরা আশাবাদী।’ গত জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৪ উইকেট নিয়েছিলেন শাহীন শাহ আফ্রিদি। এতে সাদা পোশাকে ৯৯টি উইকেটের মালিক হয়ে যান তিনি। দ্বিতীয় ইনিংসে চোটে পড়েন আফ্রিদি। দীর্ঘ এক বছর পর চোট কাটিয়ে টেস্টে উইকেটের সেঞ্চুরির অপেক্ষায় থাকা এই পেসারকে নিয়ে বাবর বলেন, ‘বিশেষ করে শাহীন শাহ আফ্রিদির প্রত্যাবর্তনে আমি খুশি। তার উইকেট নেয়ার সক্ষমতা বাদেও, দলে তার উপস্থিতি দারুণভাবে প্রভাবিত করে আমাদের। আমি জানি, শাহীন লাল বলের ক্রিকেটকে খুব মিস করেছে। আর এখন নিশ্চিতভাবে সে টেস্টে সাফল্য পেতে উদগ্রীব হয়ে আছে।’











































