স্পোর্টস রিপোর্টার।।
ওয়ানডেতে ভারতের বিপক্ষে এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলেছে বাংলাদেশ। ফলাফল প্রতিটিতেই হার। গেল বছর বিশ্বকাপের ম্যাচে ভারতকে ২২৯ রানে আটকে রাখলেও, নিগার সুলতানার দল গুটিয়ে যায় ১১৯ রানে। এর আগের চার ম্যাচেও জয়ের তেমন সম্ভাবনা জাগাতে পারেনি তারা। কিন্তু এরপরও টাইগার অধিনায়ক ওয়ানডে সিরিজে নিজেদের ফেভারিটই মনে করেন। তার কাছে পরাজয়ের ইতিহাস এখন অতীত। ভারত নারী দলের চলতি সফরে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে দাপুটে জয় পায় বাংলাদেশ। যা টাইগ্রেসদের দিচ্ছে ভীষণ আত্মবিশ্বাস। ভারতের বিপক্ষে আজ শুরু হচ্ছে ওয়ানডে সিরিজ। এর আগে অধিনায়ক জ্যোতি শক্ত কন্ঠেই জানালেন সিরিজে তারাই ফেভারেট।
তিনি বলেন, ‘অবশ্যই বাংলাদেশকে ফেভারিট মনে করি।’ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আইসিসি উইমেন’স চ্যাম্পিয়শিপের অন্তর্ভুক্ত এই সিরিজের সবগুলো খেলা শুরু সকাল সাড়ে ৯টায়।
দুই দলের প্রথম দেখা ২০১৩ তে। সেবার খেলা হয়েছিল তিন ম্যাচ। পরের দুটি ম্যাচ খেলার সুযোগ আসে ২০১৭ তে পাঁচ বছর পর। সেবার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মুখোমুখি হয় তারা। এরপর কেটে গেছে আরো পাঁচ বছর। এবার ভারতকে দেশের মাটিতে পেয়েছে বাংলাদেশ। অনেক দিন পরপর এসব ম্যাচ হওয়ায় অতীত রেকর্ড নিয়ে ভাবতে চান না বাংলাদেশ অধিনায়ক জ্যোতি। তিনি বলেন, ‘আগের পাঁচটা ম্যাচের কয়টা ম্যাচ আমরা বিশ্বকাপে খেলেছি? (সবশেষ ম্যাচটা)। এর আগে? ২০১২-১৩ সালের দিকে। সেটা বিষয় না। আমরা এই সংস্করণটা ভালো খেলি। দল হিসেবে আমরা বেশি আত্মবিশ্বাসীও থাকি। কারণ সময়টা বেশি পাওয়া যায়।
হিসেব কষে খেলা যায়। আমাদের যেহেতু লম্বা ব্যাটিং লাইন-আপ, সবাই সময় নিতে পছন্দ করে, সেটেল হয়ে খেলতে পছন্দ করে। সবারই ইতিবাচক ক্রিকেট খেলার মনোভাব থাকবে।’ ভারতের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে কোনও জয় না পেলেও বাংলাদেশ অধিনায়ক নিজেদের মাটিতে বেশ আত্মবিশ্বাসী। নিজেদের এগিয়েও রাখছেন তিনি। এর কারণটাও জানিয়েছেন নিগার সুলতানা। তিনি বলেন, ‘অবশ্যই (ওয়ানডে সিরিজে) বাংলাদেশকে ফেভারিট মনে করি। কারণ (টি-টোয়েন্টি সিরিজের) শেষ ম্যাচটায় আমাদের জয় আছে। এখন সংস্করণ বদল হোক বা যাই হোক, আমি (ওয়ানডেতে) আমাদেরই এগিয়ে রাখবো।
আমার মনে হয়, আমরা যদি দলগতভাবে ভালো পারফরম্যান্স করতে পারি, সবার মধ্যে যদি ইতিবাচকতা থাকে, আমরা নিজেদেরই এগিয়ে রাখব এই সংস্করণে। আমার মনে হয়, শেষ (টি-টোয়েন্টি) ম্যাচ জেতার পর তারাও আমাদের নিয়ে আরও পরিকল্পনা করছে। যেটা আমাদের জন্য ইতিবাচক দিক।’ উন্নতিতে চোখ রেখে বাংলাদেশ অধিনায়ক জ্যোতি চান উজ্জীবিত এক দলকে। আগের ভুলগুলোকে শুধরেই তিনি এগিয়ে যেতে চান। বিশেষ করে ঘরের মাঠে কোনও দলকে তারা ছাড় দিতে রাজি নয়। তিনি বলেন, ‘এক হচ্ছে ঘরের মাঠে খেলা। আরেকটা বিষয় হলো শেষ ম্যাচ জেতার কারণে পুরো দল ইতিবাচক হয়ে আছে। সবাই অনেক বেশি বুস্ট আপ, একটা এনার্জিতে আছে। সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয় অবশ্যই নির্দিষ্ট দিন অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা যদি কালকে (রোববার) ভুল কম করি, যদি গেম প্ল্যান অনুযায়ী খেলতে পারি।
যে ছোট ছোট ভুলগুলো আমরা করছি, যেগুলো নিয়ে কথা বলছি সবসময়। কোচিং স্টাফরা আমাদের সঙ্গে কথা বলছেন। যখন আমরা অনুশীলন করি, সময় নিয়ে কথা বলে বলে ধরিয়ে দেওয়া হচ্ছে বিষয়গুলো। সবসময় দেখছি জুটির একটা ঘাটতি থাকে। এ জিনিসগুলো যদি ১০-১৫ পার্সেন্ট উন্নতি করতে পারি, ভালো ফল আসবে।’ ৯ বছর পর দ্বিপাক্ষিক সিরিজ খেলতে এসে অন্য এক বাংলাদেশকে দেখছে ভারতীয়রা। বিশ্বের অন্যতম সেরা ব্যাটিং শক্তির দল হলেও টি-টোয়েন্টি সিরিজে সফরকারীদের দেখা গেছে বেশ নড়বড়ে। এই কারণেই সফরকারিরা বেশ সমীহ করছে বাংলাদেশকে। সংবাদ সম্মেলনে সেটিই জানালেন ভারতের অধিনায়ক হারমানপ্রিত কউর। তিনি বলেন, ‘আমরা জানি ওয়ানডেতে বাংলাদেশ ভালো করছে। শেষ দুটি টি-টোয়েন্টি ম্যাচে তারা আমাদের কঠিন চ্যালেঞ্জে ফেলেছে। তারা আমাদের সহজে কোনো কিছুই করতে দেবে না। আমাদের দলের প্রত্যেককে লড়াই করতে হবে। ওয়ানডে আমরা খেলতে খুব পছন্দ করি। এই ফরম্যাটে সবাই আত্মবিশ্বাসী। আশা করি আমরা যেটি চাই তা করতে পারবো এবং নিজেদের বিশ্বাসের ছাপ রাখতে পারবো।’











































