মোংলা (বাগেরহাট)প্রতিনিধি।।
মোংলা বন্দরে অবস্থানরত রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের কয়লাবাহী বিদেশী জাহাজের বিরুদ্ধে উচ্চ আদালতে দায়েরকৃত মামলার প্রেক্ষিতে জাহাজটি এ বন্দর ত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। উচ্চ আদালত পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত এ জাহাজটি মোংলা বন্দরে আটকাবস্থায় থাকবে বলে ১২জুলাইয়ের জারিকৃত আদেশে বলা হয়েছে।
হাইকোর্ট প্রেরিত আটকাদেশের প্রেক্ষিতে জানা গেছে,
ইন্দোনেশিয়া থেকে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য ৩১হাজার মেট্রিক টন কয়লা নিয়ে ১৩জুলাই বৃহস্পতিবার সকাল ১০টায় মোংলা বন্দরের হাড়বাড়ীয়ার ১১নম্বর এ্যাংকোরেজে ভিড়ে লাইব্রেরিয়ার পতাকাবাহী জাহাজ এম,ভি পানাগিয়া কানালা। এ জাহাজটি মোংলা বন্দরে ভিড়ার আগের দিন বুধবার সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের এডমিরালটি জুরিডিকশন জাহাজটিকে আটকাদেশ দেন। সেই সাথে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত মোংলা বন্দর কর্তৃপক্ষকে জাহাজটির এনওসি প্রদাণে নিষেধাজ্ঞা প্রদাণ করেছেন উচ্চ আদালত। বিদেশী এ জাহাজটির বিরুদ্ধে প্রায় ৩কোটি (২কোটি ৯৯লাখ ৪৫১.১৮২টাকা) টাকার ক্ষতিপূরণ দাবীতে চায়নার সাংহাইয়ের সিসিএক্স শিপিং কোম্পানী লিমিটেডের পক্ষে মোঃ আবুল হাসান গত ১২জুলাই উচ্চ আদালতে এ মামলাটি দায়ের করেন। এ মামলায় হাইকোর্টের বিচারপতি খিজির আহমেদ চৌধুরী বিদেশী ওই জাহাজটি আটকাদেশ প্রদাণ করেন। সুপ্রিম কোর্টের রেজিষ্টারার জেনারেল গোলাম রাব্বানী মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মীর এরশাদ আলীর বরাবর এ আদেশ প্রেরণ করেছেন। এ আদেশের প্রেক্ষিতে মোংলা বন্দর কর্তৃপক্ষ ইতিমধ্যেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন।
শুক্রবার বিকেলে মোংলা বন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত হারবার মাস্টার ক্যাপ্টেন আমিনুর রহমান লাইবেরিয়ার কয়লাবাহী জাহাজটি আটকাদেশের সত্যতা নিশ্চিত করে বলেন, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ লাইবেরিয়ার পতাকাবাহী বিদেশী বাণিজ্যিক জাহাজ এম,ভি পানাগিয়া কানালাকে আটকাদেশ প্রদাণ করেছেন। পরবর্তী আদেশ না আসা পর্যন্ত জাহাজটি যাতে মোংলা বন্দর ত্যাগ করতে না পারে সে বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশনা দেয়া হয়েছে। এ বিষয়ে বন্দরের সংশ্লিষ্ট বিভাগ, কোস্টগার্ড, নৌবাহিনী ও জাহাজটির স্থানীয় শিপিং এজেন্টকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্যেও চিঠি দেয়া হয়েছে বলে জানান তিনি।
জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট টগি শিপিং এন্ড লজিস্টিক লিমিটেড’র খুলনার সহকারী ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক বলেন, উচ্চ আদালত জাহাজটির বিরুদ্ধে আটকাদেশ দিয়েছেন। মোংলা বন্দর কর্তৃপক্ষ আমাদেরকে এর একটি চিঠিও দিয়েছেন। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে জাহাজটির কয়লা খালাস কাজ শেষ হবে। খালাসকৃত কয়লা রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে বলেও জানান তিনি। জাহাজ আটকের আদেশের সাথে কয়লা খালাসের কাজে কোন বাঁধা নেই বলেও জানান তিনি।
গত ১৩জুলাই রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য ৩১হাজার মেট্রিকটন কয়লা নিয়ে আসা বিদেশী এ জাহাজটি (এম,ভি পানাগিয়া কানালা) মোংলা বন্দরের পশুর চ্যানেলের হারবাড়ীয়ার ১১নম্বর এ্যাংকোরেজে অবস্থান করছে।











































