খবর বিজ্ঞপ্তি।।
জনগণের গণতান্ত্রিক রাষ্ট্র ও সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে এবং আওয়ামী ফ্যাসিবাদী সরকারের পদত্যাগ, দ্রব্যমূল্য ও জনজীবনের সংকট নিরসনে, লুটেরা দুর্নীতিবাজ ও কালো টাকা পাচারকারীদের বিচারের দাবীতে ‘পদযাত্রা-সমাবেশ-গণমিছিল’ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ ১৩ জুলাই ’২৩ বৃহস্পতিবার বিকেল ৪টায় বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ খুলনা জেলা ও মহানগরের উদ্যোগে পদযাত্রা, লিফলেট বিতরণ, বিভিন্ন স্থানে সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রথমে পিকচার প্যালেসে মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে শেষে মিছিল সহকারে পদযাত্রা করে নিউ মার্কেট ঝিনুক হলে সামনে, দৌলতপুর জুট মিল, প্লাটিনাম জুট মিল ও খালিশপুর জুট মিলের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সকল সমাবেশে খুলনা জেলা সম্পাদক কমরেড গাজী নওশের আলীর সভাপতিত্বে এবং জেলা কমিটির সদস্য কমরেড কাজী দেলোয়ার হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমরেড ইকবাল কবীর জাহিদ। বক্তব্য রাখেন কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড তুষার কান্তি রায়, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড মোজাম্মেল হক, কমরেড মোস্তফা খালিদ খসরু. কমরেড আনিসুর রহমান মিঠু, দৌলতপুর জুট মিল সিবিএ সভাপতি নূর মোহাম্মদ, প্লাটিনাম জুট মিল শ্রমিকনেতা নুরুল ইসলাম, খালিশপুর জুট মিল শ্রমিক ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক নূর হোসেন প্রমুখ। সমাবেশে বক্তারা আওয়ামী ফ্যাসীবাদী সরকারের পদত্যাগ, দলনিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, ডিজিটাল আইনসহ সকল কালা-কানুন বাতিল, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, পূর্ণ রেশনিং ব্যবস্থা চালু, বন্ধকৃত রাষ্ট্রায়াত্ব মিল-কারখানা চালু, সার্বজনীন স্বাস্থ্য ও শিক্ষার অধিকার নিশ্চিত করার জোর দাবী করেন।











































