Home আঞ্চলিক সাতক্ষীরা সীমান্তে ২ কোটি টাকার এলএসডিসহ আটক ১

সাতক্ষীরা সীমান্তে ২ কোটি টাকার এলএসডিসহ আটক ১

20

সাতক্ষীরা প্রতিনিধি ||
সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্ত থেকে প্রায় দুই কোটি টাকা মূল্যের দুই বোতল এলএসডি মাদকসহ তরিকুল ইসলাম নামের এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। তিনি কলারোয়ার কাকডাঙ্গা গ্রামের আব্দুর রশিদের ছেলে।

মঙ্গলবার (১১ জুলাই) রাতে সাতক্ষীরা ৩৩ বিজিবি’র অধিনায়ক লেফট‌্যানেন্ট কর্নেল আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার দুপুরে ১টার দিকে কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্তের কেড়াগাছি এলাকা থেকে তাকে আটক করা হয়।
বিজিবি জানায়, কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্ত দিয়ে ভারত থেকে লিস্যারজিক এসিডডাইথ্যলামাইড (এলএসডি) মাদকের একটি বড় চালান বাংলাদেশে পাচার করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার সিদ্দিকুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি টহলদল অভিযান চালায়। এ সময় সেখান থেকে ২০০ এমএল’র দুই বোতল ভারতীয় এলএসডি মাদকসহ চোরাকারবারী তরিকুল ইসলামকে আটক করা হয়। এলএসডির আনুমানিক বাজার মূল্য দুই কোটি টাকা।

সাতক্ষীরা ৩৩ বিজিবি’র অধিনায়ক লেফট‌্যানেন্ট কর্নেল আশরাফুল হক জানান, আটক চোরাকারবারীর বিরুদ্ধে মামলা দিয়ে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে।