Home খেলাধুলা ‘জার্মানির ফুটবল ধ্বংস করেছেন গার্দিওলা’

‘জার্মানির ফুটবল ধ্বংস করেছেন গার্দিওলা’

11

স্পোর্টস ডেস্ক।।
সাম্প্রতিক সময়ে হারের বৃত্তেই যেন আটকে গেছে জার্মানি। ২০১৪ বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল পরের দুই বিশ্বকাপে গ্রুপ পর্বই পার হতে পারেনি। সর্বশেষ ১৫ ম্যাচে জয় এসেছে মোটে ৩টিতে, ব্যর্থ হয়েছে ইউরোতেও। সবমিলিয়ে যেন ত্রাহী অবস্থা দলটির। জার্মানির টানা ব্যর্থতার জন্য পেপ গার্দিওলাকে দায়ী করেছেন দেশটির সাবেক ফুটবলার বাস্তিয়ান শোয়েনস্টাইগার।

জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখে তিন বছর কোচিং করিয়েছেন পেপ। আর জার্মানির হয়ে ২০১৪ সালের বিশ্বকাপ জেতা মিডফিল্ডার বলেন, গার্দিওলার কোচিংয়ের কারণে জার্মানি তাদের নিজস্ব ফুটবল খেলতে ভুলে গিয়েছে। শোয়েনস্টাইগার বলেন, ‘পেপ গার্দিওলা যখন (বায়ার্ন মিউনিখের) দায়িত্ব নিয়ে এই দেশে আসেন, তখন সবাই বিষয়টা বুঝতে পেরেছিল। সবাই বুঝে গিয়েছিল, আমাদেরকেও এখন ছোট ছোট পাসে ফুটবল খেলতে হবে।

এর ফলে যা হলো, আমরা নিজেদের স্বকীয়তাটাই হারিয়ে ফেললাম।’ তিনি বলেন, ‘আমার মনে হয়, বেশির ভাগ দেশ জার্মানিকে দেখে লড়াকু হিসেবে। আমরা শেষ পর্যন্ত লড়াই করতে পারি। কিন্তু গত সাত আট বছরে আমরা নিজেদের সেই শক্তি হারিয়ে ফেলেছি।

 

আমরা সব ভুলে গেলাম এবং নিজেদের মধ্যে সুন্দরভাবে বল দেওয়া-নেওয়ায় মনোযোগী হয়ে পড়লাম। এটা একটা কারণ।’ যদিও ২০১৪ সালে জার্মানির বিশ্বকাপ জয়ের সময় বায়ার্নের দায়িত্বে ছিলেন এই গার্দিওলাই। এই স্প্যানিশ কোচের অধীনে বায়ার্ন ঠিকই সাফল্য পেয়েছে। চ্যাম্পিয়ন্স লীগ না জিতলেও তিন বছরে সাত শিরোপা জেতে ক্লাবটি। তবে গার্দিওলা জার্মানি ছেড়ে আসার পরই যেন পতন শুরু হয় জার্মানির। এরপর দীর্ঘ সময় পার হলেও বদলাচ্ছে না জার্মানির ভাগ্য।