স্পোর্টস ডেস্ক।।
ক্রিকেটের মাঠে কত কিছুই না হয়। বাইশ গজে প্রতিপক্ষের বিপক্ষে জয় তুলে নিতে নানা কৌশলও অবলম্বন করতে হয়। ফর্মে থাকা ক্রিকেটারের মনোযোগ বিছিন্ন করতে স্লেজিং করা হয়। তবে ব্যাট-বলের লড়াইকে ছাপিয়ে কখনো কখনো তারকা ক্রিকেটারদের ব্যক্তিগত সিদ্ধান্তও আলোচনায় উঠে আসে। ক্রিকেটীয় যুগের আবর্তন হওয়ার পর থেকেই নানা ইস্যুর সাক্ষী ক্রিকেটপ্রেমীরা।
সম্প্রতি বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবালের অবসরের ঘোষণায় সেই আলোচনা আরো একবার চাউর হয়েছে। মাঠ কিংবা মাঠের বাইরে থেকে আকস্মিক বিদায়ের ঘোষণা দিয়েছিলেন বিশ্ব ক্রিকেট দাপিয়ে বেড়ানো কিংবদন্তিরা। অবশ্য নানা কারণে অবসর ভেঙে ফের বাইশ গজে ফিরেছেন তারা।
তামিম ইকবাল : বৃহস্পতিবার (৬ জুলাই) আফগানিস্তান সিরিজের মাঝে হঠাৎই অবসরের সিদ্ধান্ত নেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। এরপর সামাজিক মাধ্যমে তামিমকে নিয়ে শুরু হয় নানা আলোচনা। তবে অবসরের পরদিনই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধে ক্রিকেটে ফেরেন তিনি। যদিও দেড় মাস পর মাঠে ফিরবেন দেশসেরা এ ওপেনার।
ইমরান খান : পাকিস্তানের সাবেক অধিনায়ক ইমরান খানের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ১৯৭১ সালে। ১৯৮৭ বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। তবে কয়েক মাসের মধ্যেই পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউল হকের অনুরোধে ক্রিকেটে ফিরেন তিনি। এরপর ১৯৯২ সালে অধিনায়ক হিসেবে পাকিস্তানকে বিশ্বকাপ জিতিয়ে ক্রিকেট ছাড়েন তিনি।
কার্ল হুপার : ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার কার্ল হুপার ১৯৯৯ বিশ্বকাপের মাত্র তিন সপ্তাহ আগে ফর্মের তুঙ্গে থাকা অবস্থায় অবসরের ঘোষণা দিয়ে পুরো ক্রিকেট বিশ্বে তোলপাড় ফেলে দিয়েছিলেন। তবে সবাইকে অবাক করে দিয়ে ২০০১ সালে ক্রিকেটে ফেরেন তিনি এবং ২০০৩ বিশ্বকাপে উইন্ডিজকে নেতৃত্বও দেন।
গ্রান্ট ফ্লাওয়ার : জিম্বাবুয়ে বোর্ড ২০০৪ সালে হিথ স্ট্রিককে অধিনায়কের পদ থেকে সরিয়ে দিলে দলটির বেশ কয়েকজন ক্রিকেটার অবসরের হুমকি দিয়েছিলেন। তাদের হুমকিতেও স্ট্রিককে পুনর্বহাল করা না হলে গ্রান্ট ফ্লাওয়ারসহ জিম্বাবুয়ের ১৩ জন ক্রিকেটার অবসর নিয়েছিলেন। তবে ছয় বছর পর ২০১০ সালে সবাইকে অবাক করে দিয়ে আবার জাতীয় দলে ফিরেছিলেন গ্রান্ট ফ্লাওয়ার। তবে ফর্ম না থাকায় ওই বছরই আবার অবসরে চলে যান তিনি।
জাভেদ মিয়াদাঁদ : পাকিস্তানের আরেক কিংবদন্তি জাভেদ মিয়াদাঁদও অবসর নিয়ে আবার ফিরে এসেছিলেন। তবে তিনি ইমরানের মতো কয়েক মাস নেননি, অবসরের মাত্র ১০ দিনের মধ্যে ফিরে এসেছিলেন। পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো তাকে ১৯৯৬ বিশ্বকাপ খেলার জন্য অনুরোধ জানালে ফিরেছিলেন তিনি।
কেভিন পিটারসেন : ইংল্যান্ডের তারকা ব্যাটসম্যান কেভিন পিটারসেন টেস্টে পুরো মনোযোগ দেয়ার জন্য ২০১১ সালে অনেকটা আচমকাই সীমিত ওভারের ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছিলেন। তবে কয়েক মাস পরই আবার তিন ফরম্যাটেই ফেরেন তিনি। ইসিবির (ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড) সঙ্গে ঝামেলায় তিনি এখনও আনুষ্ঠানিক অবসর নেননি।
শহীদ আফ্রিদি : ইমরান খান ও জাভেদ মিয়াদাঁদের মতো পাকিস্তানের আরেক কিংবদন্তি শহীদ আফ্রিদিও অবস ভেঙে ফিরেছিলেন। অবসর ভেঙে ফিরে আসার বিষয়ে সবচেয়ে পরিচিত ক্রিকেটার তিনি। পাকিস্তানের এ অলরাউন্ডার তার ক্যারিয়ারের শেষ ১১ বছরে পাঁচবার অবসর নিয়েছেন। প্রথম অবসর নেন তিনি টেস্ট থেকে ২০০৬ সালে। দুই সপ্তাহের মধ্যেই ফিরে আসেন। ২০১০ সালে অধিনায়ক হিসেবে একটি টেস্ট খেলে এ ফরম্যাটকে বিদায় জানান তিনি।
এরপর ২০১১ বিশ্বকাপের পর কোচ ওয়াকার ইউনিসের সঙ্গে দ্বন্দ্বে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে ছিলেন। পাঁচ মাস পর আবার ফিরে আসেন। এরপর ২০১২ সালে ওয়ানডেকে বিদায় জানিয়ে আবার ফিরে আসেন এবং ২০১৫ বিশ্বকাপের আবার ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দেন। এরপর ২০১৭ সালের ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে পাকাপাকিভাবে অবসর নেন তিনি।











































