Home খেলাধুলা গুরুতর অসুস্থ হয়ে আইসিইউতে ডাচ কিংবদন্তি

গুরুতর অসুস্থ হয়ে আইসিইউতে ডাচ কিংবদন্তি

16

স্পোর্টস ডেস্ক।।

ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক গোলরক্ষক এডউইন ফান ডার সার গুরুতর অসুস্থ। মস্তিষ্কে তার রক্তক্ষরণ হয়েছে। হেলিকপ্টারে এয়ারলিফ্ট করে হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর সাবেক সতীর্থকে। খবর ইএসপিএনের।

ফান ডার সার পরিবারসহ ক্রোয়েশিয়ার একটি দ্বীপে ছুটি কাটাচ্ছিলেন। তবে সেখানে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন। অসুস্থতার গুরুত্ব বুঝে দেরি করা হয়নি। সঙ্গে সঙ্গে হেলিকপ্টারে করে ভালো মানের একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। আপাতত অবস্থা স্থিতিশীল।

এ নিয়ে নেদারল্যান্ডসের ক্লাব আয়াক্স আমস্টারডাম টুইট করে জানিয়েছে, ফান ডার সারের মস্তিষ্কে রক্তক্ষরণ হচ্ছে। আপাতত হাসপাতালে আইসিইউতে ভর্তি রয়েছেন তিনি। আরও তথ্য পাওয়া গেলে তা সময়ে জানানো হবে।

 

এর আগে ২০১১ সালে ম্যানইউতে থাকাকালীন অবসর নেন ফান ডার সার। ২৬৬টি ম্যাচ খেলেছিলেন তিনি। তিনটি প্রিমিয়ার লিগ এবং একটি চ্যাম্পিয়নস লিগ জিতেছেন। তার আগে খেলতেন আয়াক্সে। সেখানেও একটি চ্যাম্পিয়নস লিগ জিতেছেন। ২০১২ সালে আয়াক্সের ডিরেক্টর হিসাবে যোগ দেন তিনি। চার বছর পর ক্লাবের শীর্ষ কর্মকর্তা হিসেবে নিয়োগ করা হয়। সেই কাজই করছিলেন। ১ জুন সেই চাকরি ছেড়ে দেন ফান ডার সার। ফুটবলের বাইরে যে জীবন রয়েছে, সেটাকে উপভোগ করতে চেয়েছিলেন তিনি।

ফান ডার সার ম্যানইউ ও আয়াক্স ছাড়াও জুভেন্টাস এবং ফুলহ্যামের হয়ে খেলেছেন। এছাড়া জাতীয় দলের হয়ে ১৩০টি ম্যাচ খেলেছেন। তবে কর্মকর্তা হিসাবে শেষ কয়েক বছর ভালোভাবে দায়িত্ব সামলাতে পারেননি।