স্টাফ রিপোর্টার।।
পদ্মা সেতুর সুফল ভোগ করছেন খুলনা-ঢাকা রুটের যাত্রীরাও। এ পথে ট্রেন ও বিমানে যাতায়াতকারীরা পেয়ে গেছেন বিকল্প রাস্তা; কমে গেছে দূরত্ব, সাশ্রয় হচ্ছে অর্থ। এতে রেল ও আকাশপথে যাত্রী হ্রাস পেয়েছে অর্ধেক। তারা এখন পদ্মা সেতু হয়ে বাসে চলাচল করছেন। নতুন করে বিপুল গ্রাহক পেয়ে গাড়ির সংখ্যা বাড়িয়ে দিয়েছেন বাস মালিকরাও। এ পথে চলাচল করছে অন্তত শ খানেক এসি ও নন-এসি বাস। আগে বাসগুলো খুলনা-যশোর-রাজবাড়ী হয়ে ফেরি পার হয়ে দীর্ঘ সময় নিয়ে ঢাকায় যেত। আর এখন খুলনা-গোপালগঞ্জ-পদ্মা সেতু হয়ে অর্ধেকেরও কম সময়ে ঢাকায় যাচ্ছে।
খুলনা-ঢাকা রেলপথে চলাচল করে দুটি ট্রেন। এ পথে খুলনা থেকে ঢাকায় যেতে সময় লাগে প্রায় ৯ ঘণ্টা, আর পদ্মা সেতু দিয়ে বাসে করে যেতে লাগছে মাত্র চার ঘণ্টা। এ কারণে যাত্রীরা ঝুঁকছেন বাস ভ্রমণে। প্রায় একই অবস্থা আকাশপথে। এ রুটে খুলনার যাত্রীদের ঢাকায় যেতে হয় যশোর বিমানবন্দর দিয়ে। আগে খুলনা থেকে যশোর পর্যন্ত এয়ারলাইন্সগুলোর বাস থাকলেও পদ্মা সেতু চালু হওয়ার পর তা বন্ধ করে দিয়েছে তারা। এ অবস্থায় খুলনার যাত্রীদের আকাশপথে ঢাকায় যেতে সময় লাগে সাড়ে তিন ঘণ্টা। ব্যয় হয় অতিরিক্ত অর্থ। অথচ, পদ্মা সেতু হয়ে মাত্র চার ঘণ্টায় বাসে করেই ঢাকা যাওয়া যায়।
খুলনা রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, খুলনা থেকে সোমবার ছাড়া সপ্তাহের ছয় দিন সকাল ৯টায় ঢাকার উদ্দেশে ছেড়ে যায় চিত্রা এক্সপ্রেস ট্রেন। আর ঢাকা থেকে সোমবার ছাড়া সপ্তাহে ছয় দিন সন্ধ্যা ৭টায় খুলনার উদ্দেশে ছেড়ে আসে একই ট্রেন। এ ছাড়া খুলনা থেকে মঙ্গলবার ছাড়া সপ্তাহে ছয় দিন রাত সোয়া ১০টায় ঢাকার উদ্দেশে ছেড়ে যায় সুন্দরবন এক্সপ্রেস। আর ঢাকা থেকে বুধবার ছাড়া সপ্তাহে ছয় দিন সকাল সোয়া ৮টায় খুলনার উদ্দেশে ছেড়ে আসে একই ট্রেন।
এ দুটি ট্রেনে দিনে ১০টি বগিতে আসন সংখ্যা ১ হাজার ৫৬১টি। এর মধ্যে খুলনার জন্য দিনে বরাদ্দ ৮৮২ ও রাতে বরাদ্দ ৮৩৪টি আসন। গত ২৩ জুন খুলনা থেকে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে ঢাকায় যান ২৩১ যাত্রী এবং চিত্রা এক্সপ্রেস ট্রেনে ঢাকায় যান ৪০৯ জন। অন্যান্য দিনের চিত্রও থাকে প্রায় একই রকম। এ পথে খুলনা থেকে ঢাকার ভাড়া শোভন চেয়ার ৫০৫ টাকা, এসি চেয়ার ৯৬৬ টাকা এবং কেবিনে এসি সিট দিনে ১ হাজার ১৫৬ টাকা ও রাতে ১ হাজার ৭৮১ টাকা।
খুলনা রেলওয়ে স্টেশন মাস্টার মাসুদ রানা জানান, পদ্মা সেতু চালু হওয়ার পর খুলনা থেকে ট্রেনের যাত্রী প্রায় অর্ধেক কমে গেছে। এর কারণ ট্রেনে যে সময় লাগে তার চেয়ে অর্ধেকেরও কম সময়ে বাসে করে লোকজন পদ্মা সেতু দিয়ে ঢাকায় যেতে পারে।
রেলওয়ে স্টেশনের একাধিক কর্মকর্তা-কর্মচারী জানান, আগে ঈদের সময় কিংবা লম্বা ছুটি থাকলে লোকজন খুলনা-ঢাকা রুটে ট্রেনে যাতায়াতের টিকিট কেনার জন্য হুমড়ি খেয়ে পড়ত। জনপ্রতিনিধি, ক্ষমতাসীন দলের নেতা ও উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের দিয়ে টিকিকেট জন্য লোকজন ফোন করাত। কিন্তু এখন আর সেই চিত্র নেই। টিকিটের কোনো চাপ নেই।
প্রায় একই চিত্রের কথা জানান এয়ারলাইন্স মালিকরা। অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব খুলনার সাধারণ সম্পাদক এস এম ওয়াসিম মেহবুব জানান, পদ্মা সেতু চালু হওয়ার পর খুলনা থেকে বিমানের যাত্রী কমেছে প্রায় ৭০ শতাংশ।
এদিকে পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে খুলনার লোকজন বাসে সড়ক পথে রাজধানীতে যাওয়া-আসা করে। এখন আর খুলনার কেউ বাসে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ঢাকায় যায় না।
কয়েকজন যাত্রী জানান, পদ্মা সেতু চালু হওয়ার আগে খুলনা থেকে বাসে ঢাকায় যেতে সময় লাগতো ৮ থেকে ১০ ঘণ্টা। ফেরি অথবা লঞ্চ পারাপারে চরম দুর্ভোগ পোহাতে হতো। সেতুর কল্যাণে নিরসন হয়েছে সেই দুর্ভোগ। এখন পদ্মা সেতু দিয়ে বাসে অল্প সময়ে ঢাকায় যাতায়াত করা যাচ্ছে।
খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকির হোসেন বিপ্লব জানান, আগে খুলনা-ঢাকা রুটে বিভিন্ন পরিবহনের প্রায় ২০০ বাস চলাচল করত। পদ্মা সেতু হওয়ার পর এই রুটে বাসের সংখ্যা প্রায় ১০০-এর মতো বেড়েছে। এখন খুলনা থেকে ১৫-২০ মিনিট পরপর বাস ছেড়ে যায়।
পরিবহন কাউন্টারের কর্মচারীরা জানান, খুলনা-ঢাকা রুটের বাসে নন-এসি চেয়ারকোচের ভাড়া ৬৫০ টাকা এবং এসি বাসের ভাড়া ৭৫০ থেকে ১ হাজার ৪০০ টাকা।











































