Home খেলাধুলা তামিমের অবসরের ঘোষণায় সোশ্যাল মিডিয়ায় তোলপাড়

তামিমের অবসরের ঘোষণায় সোশ্যাল মিডিয়ায় তোলপাড়

20

স্পোর্টস ডেস্ক।।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। আজ বৃহস্পতিবার চট্টগ্রামের একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি। এরপর থেকেই তামিম ভক্তরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছেন। এক ভক্ত তো রাস্তার মধ্যেই আহাজারি শুরু করেন। সেই ভিডিও ইতোমধ্যে ভাইরাল হয়েছে। তামিমের হঠাৎ এই অবসরের ঘোষণা কোনোভাবেই মেনে নিতে পারছেন না ভক্তরা।

তরুণ নাট্য নির্মাতা এমআই জুয়েল তার ফেসবুকে লিখেন, ‘২০০৭ সালে এসএসসির খুব সম্ভবত গণিত পরীক্ষার আগের রাতে বিশ্বকাপে ভারতের সাথে বাংলাদেশের খেলা। কিসের পরীক্ষা? রাত জেগে প্রতিটা বল দেখেছি আর আনন্দে চিৎকার করেছি। ডানপিটে ছেলেটা ক্রিজের বাইরে এসে এসে ভারতের লিজেন্ড লিজেন্ড বোলারদের বল পিটায়ে তুলোধুনো করে দিলো। আহ্! কি সেই ভিজ্যুয়াল! কি সেই মধুর স্মৃতি!!

 

আজকের দিনটা হয়ে গেলো একটা ফ্যাকাসে দিন। আমাদের সেই ডানপিটে ছেলেটি বিদায় বললেন আন্তর্জাতিক ক্রিকেটকে। ২২ গজে তামিমের ঝড়ো ব্যাটিং আর কোনোদিন দেখব না ভাবতেই বুকের ভেতরটা মোঁচড় দিয়ে উঠছে। তবুও এই বাস্তবতা মেনে নিতেই হবে, কারণ এর নামই জীবন। ভালো থাকবেন প্রিয় ক্যাপটেইন! আল্লাহ আপনার এবং পরিবারে মঙ্গল বয়ে আনুন! আমীন’

শোয়েব আহমেদ নামে আরেকজন লিখেছেন, ‘মাশরাফি যখন আনফিট অবস্থায় খুড়িয়ে খুড়িয়ে বোলিং করে দলের বারোটা বাজিয়ে তা দেশপ্রেম বলে চালিয়ে দিতে থাকলো সেদিন থেকে দেশের ক্রিকেটের সব আশা-ভরসা শেষ হয়ে গেছে। তামিম ঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। তাকে স্বাগত জানাই। অন্তত সে দলের ক্ষতি করতে চায়নি।’

সাংবাদিক নেতা দীপ আজাদ তার ফেসবুকে তামিমের একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেন, ‘মাশরাফির পর তামিম!!, রাজনীতি চলছে চলবে…’

সরকার মাহবুব নামে তামিমের আরেক ভক্ত ফেসবুকে লিখেন, ‘সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন প্রিয় ক্রিকেটার তামিম ইকবাল। লাল-সবুজ জার্সিতে খুব মিস করব তোমাকে।’

 

আজাদুল ইসলাম আদনান নামে এক গণমাধ্যমকর্মী প্রশ্ন রেখে লিখেছেন, ‘শুধু তামিম কেন, কোন ক্রিকেটারকে আনুষ্ঠানিকভাবে, একটু জাঁকজমকপূর্ণ করে বিদায় দেওয়া হয়েছে? সমস্যা হলো, অযোগ্যরা যখন দীর্ঘদিন ধরে শীর্ষ পদে থাকে ও নেতৃত্ব দেয় তখন কোনোটাই ঠিকমতো হয় না। যার পরিণতি একটি সিরিজ চলাকালে একটি দলের ক্যাপ্টেনকে এভাবে ক্রিকেটকে বিদায় জানাতে হলো। এর নেতিবাচক ফল ও মানসিক চাপের বোঝা সব ক্রিকেটারের ওপর পড়বে। ভুগতে হতে পারে আসন্ন বিশ্বকাপেও।’

এদিকে তামিমের অবসরের ঘোষণায় আজ রাত ১০টায় রাজধানীর পাঁচতারকা হোটেল ওয়েস্টিনে সভা ডেকেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা যায়, বৈঠক শেষে রাত ১১টায় আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে।