মিলি রহমান।।
দামের কারণে বিশ্বজুড়ে আলোচনায় মিয়াজাকি আম। এই প্রজাতির এক কেজি আমের দাম প্রায় দুই লাখ ৭০ হাজার টাকারও বেশি। জাপানে এই জাতের একটি আমের দাম বাংলাদেশি মুদ্রায় ২০ হাজার টাকা।
বিশ্বজুড়ে আলোচনায় থাকা এই দামি আমের পুষ্টিগুণ সম্পর্কে হয়তো অনেকের জানা নেই। এই আমে অনন্য সুগন্ধ ও স্বাদ রয়েছে বলে জানিয়েছেন ডিটক্সপ্রির প্রতিষ্ঠাতা এবং হলিস্টিক নিউট্রিশনিস্ট প্রিয়ংশি ভাটনাগর।
তিনি বলেন, নির্দিষ্ট প্রকৃতির অ্যান্টি- অক্সিডেন্ট ও অন্যান্য রাসায়নিক উপাদান রয়েছে মিয়াজাকি আমে। এতে বিটা-ক্যারোটিন ও ফলিক অ্যাসিড রয়েছে। এছাড়া আরেকটি ভালো বিষয় হচ্ছে, ক্যানসারের ঝুঁকি কমাতে বেশ পরিচিত মিয়াজাকি আম। শরীরের জন্য প্রয়োজনীয় ভিটামিন সি, ই, এ ও কে এবং জিঙ্ক, ক্যালসিয়াম ছাড়াও এতে ম্যাগনেসিয়াম ও কপারের মতো উপাদান রয়েছে। এবার তাহলে এই সময় ও ওয়ার্ল্ড অব মেডিকেল সেভরস’র তথ্য অনুযায়ী মিয়াজাকি আমের পুষ্টিগুণ সম্পর্কে জেনে নেয়া যাক।
হজমশক্তি বৃদ্ধি : বদহজম বা কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা থাকলে এই আম খাওয়া উচিত। গ্রীষ্মে এই আম খাওয়ার ফলে হজমশক্তি বৃদ্ধি করে হজম সংক্রান্ত সমস্যা দূর করে।
ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণ : মিয়াজাকি জাতের আম খাওয়ার পর ইনসুলিনের মাত্রা নিয়ে কখনোই চিন্তা করতে হয় না। গরমে এই আম খাওয়ার পরও রক্তে ইনসুলিনের মাত্রা স্বাভাবিক থাকে।
ক্যানসার প্রতিরোধে সাহায্য : বিশ্বের দামি জাতের মিয়াজাকি আমে ক্যানসার প্রতিরোধক উপাদান রয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন, এই আম খাওয়ার ফলে ক্যানসার প্রতিরোধে উপকার পাওয়া যেতে পারে।
ত্বকের সমস্যা ও কোলেস্টেরল হ্রাস : মিয়াজাকি আমে বিদ্যমান ভিটামিন ও মিনারেল ত্বকের জন্য খুবই উপকারী। এই আম খাওয়া হলে ত্বকের আটকে থাকা ছিদ্রগুলো খুলে যায় এবং মুখে উজ্জ্বলতা বৃদ্ধি পায়।
এছাড়া কোলেস্টেরল একটি গুরুতর সমস্যা। যা আপনার হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি বৃদ্ধি করে থাকে। তবে বিশেষজ্ঞরা বলছেন, মিয়াজাকি আম কোলেস্টেরল কমাতে সহায়ক হতে পারে।
চোখের স্বাস্থ্য : মিয়াজাকি আমে বিদ্যমান ভিটিামিন সি এবং অন্যান্য উপাদান রাতে কম দেখা সমস্যা দূর করতে সহায়তা করে। এছাড়াও চোখের স্বাস্থ্য ভালো রাখতে কার্যকরী ভূমিকা রাখে।
রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি : একাধিক ভিটামিন সমৃদ্ধ হওয়ায় মিয়াজাকি আম খাওয়ার মাধ্যমে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। এতে ছোট ছোট অনেক অসুখ থেকে মুক্তি পাওয়া যায়।
প্রসঙ্গত, এটি শুধু সাধারণ তথ্যের জন্য। তবে মিয়াজাকি আমকে কোনোভাবেই ওষুধ হিসেবে বা এর বিকল্প হিসেবে নেয়া যাবে না। যেকোনো সমস্যা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিতে হবে।











































